...|...|...

বিশ্ব

বন্ধু পুতিনও পাননি, সেই বিরল সম্মান ট্রাম্পকে দিলেন চীনা প্রেসিডেন্ট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩২
Shares
বন্ধু পুতিনও পাননি, সেই বিরল সম্মান ট্রাম্পকে দিলেন চীনা প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

চীনে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিমানবন্দরে গিয়ে ব্যক্তিগতভাবে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 

বুধবার (১৮ নভেম্বর) ট্রাম্পের সাথে করমর্দনের পর তাকে সংক্ষিপ্ত আলিঙ্গনও করেন জিনপিং।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে চীনের শেনজেনে পৌঁছান ট্রাম্প।

ধারণা করা হচ্ছে, এক দশকের বেশি সময় ধরে চীনের ক্ষমতায় থাকা জিনপিং এই প্রথম বিদেশি কোনো নেতাকে স্বাগত জানাতে নিজে বিমানবন্দরে উপস্থিত হলেন। এমনকি ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রুশ প্রেসিডেন্ট পুতিনকেও বিমানবন্দরে গিয়ে ব্যক্তিগতভাবে অভ্যর্থনা জানানোর নজির নেই তার।

গত সেপ্টেম্বরে জিনপিং রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গেলে হোয়াইট হাউসে তাকে নিজে অভ্যর্থনা জানিয়েছিলেন ট্রাম্প। বুধবারের এই স্বাগতকে সেই সৌজন্যের প্রতিদান হিসেবেও দেখা হচ্ছে। তখন ট্রাম্পের ওই পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রে দুই দলের আইনপ্রণেতাদের একটি অংশ সমালোচনা করেছিল। কারণ, মার্কিন প্রেসিডেন্টদের ক্ষেত্রে এ ধরনের ব্যক্তিগত অভ্যর্থনা তুলনামূলক বিরল।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার শেনজেনে ট্রাম্প পৌঁছানোর পর জিনপিং তার আগের যুক্তরাষ্ট্র সফরের কথা স্মরণ করেন। বিশেষ করে ওয়াশিংটনের বাইরে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের তাকে স্বাগত জানানোর বিষয়টি উল্লেখ করেন তিনি।

সিনহুয়া লিখেছে, ‘চীন এমন একটি দেশ, যেখানে সৌজন্যকে গুরুত্ব দেওয়া হয় এবং শুভেচ্ছার প্রতিদানে শুভেচ্ছা জানানোর ঐতিহ্য রয়েছে।’

এয়ার ফোর্স ওয়ান থেকে ট্রাম্প নামার পর দুই নেতা প্রথমে করমর্দন করেন। পরে সেটি সংক্ষিপ্ত আলিঙ্গনে রূপ নেয়।

অভ্যর্থনা অনুষ্ঠানে সামরিক বাহিনীর বিভিন্ন দল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। উজ্জ্বল গোলাপি ও ফিরোজা রঙের পোশাক পরা শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেন। সামরিক ব্যান্ডে যুক্তরাষ্ট্র ও চীনের জাতীয় সংগীত বাজানো হয়। নৃত্যশিল্পীরা ফুল, পমপম এবং দুই দেশের পতাকা নাড়িয়ে অতিথিদের স্বাগত জানান।