...|...|...

খেলা

বদলে যাচ্ছে আর্জেন্টিনার ম্যাচ ভেন্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:৪৩
Shares
বদলে যাচ্ছে আর্জেন্টিনার ম্যাচ ভেন্যু

ছবি: সংগৃহীত

আসন্ন আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে নিজেদের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় দল। তবে শেষ মুহূর্তে বুরকিনা ফাসোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

বুয়েনেস আইরেসের ‘এল মনুমেন্তাল’ স্টেডিয়ামের পরিবর্তে ম্যাচটি এখন বোকা জুনিয়রসের ঐতিহ্যবাহী ‘লা বোম্বোনেরা’ স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানায়, বড় কোনো জটিলতা না থাকলে আগামী ৩ অক্টোবর লা বোম্বোনেরার মাঠেই নামবে লিওনেল স্কালোনির দল। গত মার্চে এই মাঠেই মৌরিতানিয়াকে ২-১ ও জাম্বিয়াকে ৫-০ গোলে হারিয়েছিল আলবিসেলেস্তেরা।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে, যেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ বলিভিয়া। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসোর মুখোমুখি হবে তারা।

তবে এই আন্তর্জাতিক বিরতির সবচেয়ে বড় আকর্ষণ ৬ অক্টোবরের শেষ ম্যাচটি। সেদিন এল মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন মহাতারকা লিওনেল মেসি।

প্রায় ৮৫ হাজার সমর্থকের সামনে ঘরের মাঠে দেশের জার্সিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন এই আর্জেন্টাইন অধিনায়ক। এএফএ প্রধান ক্লদিও তাপিয়া এক বার্তায় জানান, কোচ স্কালোনির সাথে আলোচনার পরই বিশ্বসেরা এই খেলোয়াড়কে তার যোগ্য বিদায় সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।

মাঠের লড়াইয়ের পাশাপাশি শৃঙ্খলামূলক শাস্তির মুখোমুখিও হতে হচ্ছে আর্জেন্টিনাকে। গত বিশ্বকাপ চলাকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ফিফার আরোপিত নিষেধাজ্ঞার কারণে বলিভিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে স্টেডিয়ামের মাত্র ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি পাবেন।

তা ছাড়া শৃঙ্খলাভঙ্গের দায়ে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ও কোচিং স্টাফকে ছাড়াই দল সাজাতে হচ্ছে স্কালোনিকে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন লিয়ান্দ্রো পারেদেস (১০ ম্যাচ), নাহুয়েল মোলিনা (৭ ম্যাচ), সহকারী কোচ রবার্তো আয়ালা (৩ ম্যাচ) এবং থিয়াগো আলমাদা (১ ম্যাচ)।