রান্না করা খাবার সংরক্ষণের জন্য ফ্রিজের ব্যবহার প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে। অনেকেই আগের দিনের খাবার ফ্রিজে রেখে পরবর্তী সময়ে গরম করে খান। এতে খাবার অপচয় কমলেও সংরক্ষণ ও গরম করার ক্ষেত্রে অসতর্কতা থেকে তৈরি হতে পারে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে একই খাবার বারবার গরম করে ঠান্ডা করলে ব্যাকটেরিয়া জন্মানোর আশঙ্কা থাকে। ফলে দেখা দিতে পারে ফুড পয়জনিংসহ নানা সমস্যা।
কিছু খাবারের ক্ষেত্রে তাই বাড়তি সতর্কতা জরুরি। জেনে নেওয়া যাক, ফ্রিজে সংরক্ষিত কোন পাঁচ ধরনের খাবার বারবার গরম করার বিষয়ে সতর্ক থাকতে হবে।
১. ভাত
আগের দিনের ভাত ফ্রিজে রেখে পরদিন গরম করে খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। তবে রান্না করা ভাত দীর্ঘক্ষণ ঘরের তাপমাত্রায় রেখে দিলে তাতে ব্যাসিলাস সেরিয়াস নামের ব্যাকটেরিয়ার বংশবিস্তার হতে পারে। এর ফলে খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি তৈরি হয়।
এ ঝুঁকি কমাতে রান্নার পর ভাত দ্রুত ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। খাওয়ার সময় পুরো পাত্র গরম না করে প্রয়োজন অনুযায়ী ভাত বের করে ভালোভাবে গরম করে নেওয়া উচিত।
২. মুরগির মাংসের তরকারি
মুরগির মাংসের ঝোল বা তরকারি সংরক্ষণের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। রান্না করা খাবার দীর্ঘক্ষণ বাইরে রাখা কিংবা বারবার ঠান্ডা ও গরম করার ফলে ব্যাকটেরিয়া বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।
এ ধরনের খাবার ছোট ছোট পাত্রে ভাগ করে ফ্রিজে রাখা ভালো। এতে প্রতিবার প্রয়োজন অনুযায়ী খাবার বের করে গরম করা যায়। ফলে পুরো পাত্র বারবার গরম করার প্রয়োজন হয় না।
৩. মাছ ও সামুদ্রিক খাবার
মাছ ও সামুদ্রিক খাবার দ্রুত নষ্ট হওয়ার প্রবণতা রয়েছে। রান্নার পর দীর্ঘসময় স্বাভাবিক তাপমাত্রায় ফেলে রাখলে এসব খাবারে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে।
তাই রান্না করা মাছের অবশিষ্ট অংশ দ্রুত ফ্রিজে সংরক্ষণ করতে হবে। খাওয়ার আগে প্রয়োজনীয় পরিমাণ বের করে ভালোভাবে গরম করে নিতে হবে। খাবারের গন্ধ, রং বা স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিবর্তন দেখা দিলে তা না খাওয়াই নিরাপদ।
৪. ডিমের তৈরি খাবার
ডিমের অমলেট, ভুনা, স্ক্র্যাম্বলড এগ কিংবা ডিমের তরকারী-সব ধরনের রান্না করা ডিমের খাবার সংরক্ষণে সতর্কতা প্রয়োজন। রান্নার পর দীর্ঘক্ষণ বাইরে রেখে দিলে এসব খাবারে ব্যাকটেরিয়া জন্মানোর আশঙ্কা থাকে।
তাই ডিমের তৈরি খাবার রান্নার পর দ্রুত ফ্রিজে রাখতে হবে। পরে খাওয়ার সময় যতটুকু প্রয়োজন, ততটুকুই বের করে ভালোভাবে গরম করে নিতে হবে।
৫. দুধ ও ক্রিম দিয়ে তৈরি খাবার
দুধ, ক্রিম বা অন্যান্য দুগ্ধজাত উপাদান দিয়ে তৈরি খাবারও সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ যত্ন দাবি করে। পনিরের তরকারি, ক্রিমি পাস্তা কিংবা দুধের সস দীর্ঘক্ষণ ঘরের তাপমাত্রায় থাকলে নষ্ট হতে পারে।
এ ধরনের খাবার রান্নার পর দ্রুত ফ্রিজে রাখা উচিত। পাশাপাশি ছোট পাত্রে ভাগ করে সংরক্ষণ করলে প্রয়োজন অনুযায়ী খাবার বের করে গরম করা সহজ হয়।
খাবার নিরাপদ রাখতে যা করবেন
ফ্রিজে রাখলেই খাবার অনির্দিষ্টকাল নিরাপদ থাকে না। খাবার নিরাপদ রাখতে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি।
- রান্নার পর খাবার দ্রুত ঠান্ডা করে ফ্রিজে রাখুন।
- রান্না করা খাবার ঘরের তাপমাত্রায় দুই ঘণ্টার বেশি ফেলে রাখবেন না।
- খাবার ছোট পাত্রে ভাগ করে সংরক্ষণ করুন।
- পুরো পাত্র বারবার গরম না করে প্রয়োজনীয় অংশটুকু গরম করুন।
- খাবার পুনরায় গরম করার সময় ভেতর পর্যন্ত ভালোভাবে গরম হয়েছে কি না নিশ্চিত করুন।
- দীর্ঘদিন সংরক্ষিত বা নষ্ট হওয়ার লক্ষণযুক্ত খাবার খাবেন না।
মনে রাখতে হবে, খাবার গরম করলেই সব ধরনের ব্যাকটেরিয়া বা তাদের তৈরি বিষাক্ত উপাদান নষ্ট হয় না। তাই খাবার সংরক্ষণের সঠিক নিয়ম মেনে চলাই খাদ্যজনিত অসুস্থতা এড়ানোর অন্যতম উপায়।


