...|...|...

বিশ্ব

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৮
Shares
প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

ছবি: সংগৃহীত

গত এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে দেশটিতে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১১ হাজার ৫৮৭টি ঘটনা রেকর্ড করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রেকর্ডকৃত ঘটনার মধ্যে ৬ হাজার ৪৩টি আবাসন সংক্রান্ত, ৩ হাজার ১৯১টি সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং ২ হাজার ৩৫৩টি শ্রম আইন ভঙ্গের বিষয় রয়েছে।

এসপিএ জানায়, অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৭৮ জন এবং দেশত্যাগের চেষ্টার সময় ১৮ জনকে গ্রেপ্তার করে সীমান্ত কর্তৃপক্ষ। এছাড়া লঙ্ঘনকারীদের আশ্রয় ও কাজে সহায়তা দেওয়ার অভিযোগে আরও ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে দেশটিতে ৪১ হাজার ১০৬ জন প্রবাসী প্রসেসিংয়ে রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে নিজ নিজ দূতাবাসের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে এবং ৯ হাজার ১৩৯ জনকে দ্রুত দেশত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ প্রবেশ, পরিবহন বা আশ্রয়ে সহায়তা করলে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।