...|...|...

সারাদেশ

ফুলে ফুলে সেজেছে মৌলভীবাজারের এই সড়ক, ছড়াচ্ছে মুগ্ধতা

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৪
Shares
ফুলে ফুলে সেজেছে মৌলভীবাজারের এই সড়ক, ছড়াচ্ছে মুগ্ধতা

ফুলে ফুলে সেজেছে মৌলভীবাজারের এই সড়ক। ছবি: টাইমস টুডে

ধানক্ষেতের মাঝখান দিয়ে সরু পিচঢালা পথ। দুই পাশে সবুজের সমারোহ। আর সেই পথের এক পাশজুড়ে সারি সারি ফুটে আছে লাল-হলুদ রাধাচূড়া। মৌলভীবাজার-কুলাউড়া সড়কের তালতলা থেকে রাঙাউটি পর্যন্ত প্রায় এক কিলোমিটার পথ এখন ফুলে ফুলে এক টুকরো স্বর্গ।

মনু নদ প্রকল্পের বড়ো বাঁধ থেকে পানির একটি নালা তালতলায় এসে মিশেছে। একসময় এখানে সারিসারি তালগাছ ছিল, সেই থেকেই জায়গার নাম তালতলা। শুষ্ক মৌসুমে কৃষিজমিতে সেচ দেওয়ার এই নালার পূর্ব পাড়টি এখন একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। মাতারকাপনে মনু ব্যারাজ হয়ে এই সড়কটি মৌলভীবাজার-কুলাউড়া ও মৌলভীবাজার-শমসেরনগর- জেলার দুই প্রধান সড়ককে যুক্ত করেছে। ফলে এখন আর এক সড়ক থেকে আরেক সড়কে যেতে মৌলভীবাজার শহর ঘুরতে হয় না।

সোমবার সকালে তালতলায় গিয়ে দেখা যায় এক মনোমুগ্ধকর দৃশ্য। সড়কের পশ্চিম পাশে সারি ধরে লাগানো রাধাচূড়া গাছ। কোথাও থোকা থোকা হলুদ ফুল বাতাসে দুলছে, কোথাও আবার লাল ফুলের আগুন-রাঙা সমারোহ। কিছু গাছে ফলও এসেছে। লম্বা শিমের মতো কাঁচা ফল সবুজ, পাকলে খয়েরি রং ধরেছে। 

তালতলা থেকে দক্ষিণে তাকালেই এই নজরকাড়া রঙ চোখে পড়ে। যারা একটু সময় নিয়ে হাঁটেন, তারা শুনতে পান ফুল ঘিরে ভ্রমরের গুঞ্জন আর ওড়াউড়ি।

সড়কের পূর্ব পাশে এখনো ঘন সবুজের আয়োজন চলছে। সেখানে পলাশ, শিমুল, সোনালুসহ আরও অনেক গাছ লাগানো হয়েছে, বড় হচ্ছে ধীরে ধীরে। ফুলের মৌসুম এলে তারাও ডালপালা ভরে ফুলে ফুলে সাজবে। ছোট ছোট নতুন রাধাচূড়া গাছেও কুঁড়ি আসছে।

এই সবুজায়নের কারিগর রাঙাউটি রিসোর্ট কর্তৃপক্ষ। তাদের উদ্যোগেই দুই পাশের এই সড়কটি এখন প্রকৃতির ক্যানভাস। দুই পাশের ধানখেত এখনো সবুজ, তবে পাকতে শুরু করেছে। কোথাও কোথাও সোনালি রঙের ঝিলিক উঁকি দিচ্ছে, যা রাধাচূড়ার লাল-হলুদের সাথে মিশে এক অপূর্ব বৈপরীত্য তৈরি করেছে।

রাধাচূড়া ক্রান্তীয় অঞ্চলের ফুল। দেখতে অনেকটা কৃষ্ণচূড়ার মতো, তবে গাছ আকারে ছোট। নামের উৎস নিয়ে নিশ্চিত কিছু বলা না গেলেও লোকমুখে প্রচলিত, শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমকাহিনির সাথে মিলিয়ে এই নাম। টকটকে লাল কৃষ্ণচূড়াকে তুলনা করা হয় শ্রীকৃষ্ণের ময়ূরের পালকশোভিত চূড়া বা মুকুটের সাথে। আর সেই ধারায় হলুদ, লালচে কমলা ও সোনালি রঙের ফুলটি হয়ে ওঠে রাধার অলংকৃত মুকুট- রাধাচূড়া।

রাধাচূড়ার ফুল ডালের আগায় লম্বা ডাঁটায় থোকা বেঁধে ফোটে। ফুলের সৌরভ নেই, তবে রূপে সে অনন্যা। এর আদি নিবাস মেক্সিকো, মধ্য আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ষোড়শ ও সপ্তদশ শতকে ইউরোপীয় নাবিকদের মাধ্যমে এর বীজ এশিয়ায় আসে, পরে তা ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়ে।

নাম বা ইতিহাস যাই হোক, তালতলা থেকে রাঙাউটি পর্যন্ত এই এক টুকরো সড়ক এখন পুরোপুরি রাধাচূড়ারই পথ। সবুজ পাতার ঝোপ ছাড়িয়ে লাল ও হলুদ ফুল সড়কটিকে যেভাবে রঙিন করে তুলেছে, এই পথ দিয়ে যাওয়া কোনো পথিকের পক্ষেই একবার না তাকিয়ে পারা সম্ভব নয়।