...|...|...

সারাদেশ

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপি নেতা বহিষ্কার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৩
Shares
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপি নেতা বহিষ্কার

নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বোরহান উদ্দিন। ছবি: সংগৃহীত

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বোরহান উদ্দিনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) আলমডাঙ্গা উপজেলা বিএনপির এক জরুরি সাংগঠনিক সিদ্ধান্তে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন স্বাক্ষরিত ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিগত কিছুদিন ধরে মো. বোরহান উদ্দিনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত, অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দলীয়ভাবে জানানো হয়েছে। মাদক কারবার ও সেবনের মতো সামাজিক ব্যাধি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। একইসাথে, আজ থেকে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

তার ব্যক্তিগত কোনো অপকর্মের দায়ভার দল বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর মাদকসহ আটক হন নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন।