...|...|...

বিশ্ব

ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৪৩
Shares
ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন

ছবি: সংগৃহীত

ফিলিস্তিন সমস্যার সমাধানে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দিয়েছে চীন। একইসঙ্গে সংঘাত-পরবর্তী গাজায় পুনর্গঠন এবং পশ্চিম তীরে শাসনব্যবস্থা উন্নয়নের আহ্বান জানিয়েছে দেশটি। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং বলেন, ‘ফিলিস্তিনিদের দ্বারা ফিলিস্তিন পরিচালনা’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিম তীরে শাসনব্যবস্থার উন্নয়ন এবং সংঘাত-পরবর্তী গাজায় পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নেওয়া উচিত।

তিনি বলেন, ফিলিস্তিন সমস্যাকে দ্রুত দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে একতরফা সামরিক পদক্ষেপের বিরোধিতা করেন তিনি।

হান ঝেং বলেন, মতপার্থক্য ও বিরোধ সংলাপ এবং আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। জাতিসংঘ সনদ লঙ্ঘন করে এবং নিরাপত্তা পরিষদের অনুমোদন এড়িয়ে কোনো একতরফা সামরিক পদক্ষেপ নেওয়া উচিত নয়।

বড় দেশগুলোর প্রতি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বিশেষ দায়িত্ব পালনের আহ্বান জানান চীনের ভাইস প্রেসিডেন্ট। নিয়মকানুন মেনে চলা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সঠিক কাজের ক্ষেত্রে বড় দেশগুলোকে নেতৃত্ব দেওয়ার আহ্বানও জানান তিনি।

মধ্যপ্রাচ্য প্রসঙ্গে হান ঝেং বলেন, উপসাগরীয় রাষ্ট্রসহ এ অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানো উচিত। পাশাপাশি আন্তর্জাতিক শিল্প ও সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল ও বাধাহীন রাখা এবং বিশ্ব বাণিজ্য সুরক্ষিত করার ওপর জোর দেন তিনি।

ইউক্রেন সংকট প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক সমাধানের লক্ষ্যে চীন নিজস্ব উপায়ে গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রেখেছে।

এ ছাড়া কিউবার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি অবিলম্বে বন্ধ এবং দেশটির ওপর আরোপিত অবরোধ ও নিষেধাজ্ঞা অবিলম্বে ও সম্পূর্ণভাবে তুলে নেওয়ার আহ্বান জানান হান ঝেং।

প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে তিনি বলেন, নতুন প্রযুক্তি ও শিল্প রূপান্তরের দ্রুত বিকাশের সময়ে বিশ্বের উচিত জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা। কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল বৈষম্য কমিয়ে সবার জন্য কল্যাণকর প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।