যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে একতরফা সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছে চীন। একইসঙ্গে ফিলিস্তিন সংকটের সমাধানে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রক্রিয়ায় দ্রুত ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং বেইজিংয়ের এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, সংলাপ ও আলোচনার মাধ্যমে মতপার্থক্য ও বিরোধের নিষ্পত্তি করা উচিত। জাতিসংঘ সনদ লঙ্ঘন এবং নিরাপত্তা পরিষদের অনুমোদন এড়িয়ে একতরফা সামরিক পদক্ষেপেরও বিরোধিতা করেন তিনি।
বড় দেশগুলোর প্রতি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার বিশেষ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে হান ঝেং বলেন, নিয়মকানুন মেনে চলা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সঠিক কাজের ক্ষেত্রে তাদের নেতৃত্ব দেওয়া উচিত।
মধ্যপ্রাচ্য প্রসঙ্গে তিনি বলেন, উপসাগরীয় রাষ্ট্রসহ এই অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানো উচিত। পাশাপাশি আন্তর্জাতিক শিল্প ও সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল ও বাধাহীন রাখা এবং বিশ্ববাণিজ্য সুরক্ষিত করার ওপর জোর দেন তিনি।
ফিলিস্তিন ইস্যুতে ‘ফিলিস্তিনিদের দ্বারা ফিলিস্তিন শাসন’ নীতির আলোকে পশ্চিম তীরে শাসনব্যবস্থার উন্নয়ন এবং সংঘাত-পরবর্তী গাজা পুনর্গঠনের আহ্বান জানান হান। একইসঙ্গে ফিলিস্তিন সংকটকে দ্রুত দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সঠিক পথে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
ইউক্রেন সংকট প্রসঙ্গে হান ঝেং বলেন, রাজনৈতিক সমাধানের লক্ষ্যে চীন নিজস্ব উপায়ে গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রেখেছে।
এ ছাড়া কিউবার বিরুদ্ধে বলপ্রয়োগের হুমকি অবিলম্বে বন্ধ এবং দেশটির ওপর আরোপিত অবরোধ ও নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রযুক্তিগত অগ্রগতি প্রসঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট বলেন, নতুন প্রযুক্তির দ্রুত বিকাশ ও শিল্পখাতের রূপান্তরের সময়ে বিশ্বের জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত। কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল বৈষম্য কমিয়ে সবার কল্যাণে প্রযুক্তির উন্নয়ন ঘটানোর ওপরও জোর দেন তিনি।


