গাজায় ব্যাপক বন্যা ও চলমান মানবিক সংকট মোকাবিলায় ৮ দশমিক ৯ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক।
ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সহায়তার জন্য জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএকে জরুরি সহায়তা হিসেবে ২ কোটি ড্যানিশ ক্রোনার, অর্থাৎ প্রায় ৩০ লাখ ডলার দেওয়া হবে।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেন, তীব্র শীতকালীন আবহাওয়া ফিলিস্তিনের সংকট আরও গভীর করছে। শীতের মাসগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে হবে।
সাম্প্রতিক ভারী বৃষ্টিতে গাজার বিভিন্ন বাস্তুচ্যুত মানুষের শিবিরে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। এতে ইতোমধ্যে কঠিন মানবিক পরিস্থিতির মধ্যে থাকা মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
ডেনমার্ক একই সাথে অকুপাইড প্যালেস্টিনিয়ান টেরিটরি হিউম্যানিটারিয়ান ফান্ড বা ওপিটি এইচএফে আরও ৪ কোটি ড্যানিশ ক্রোনার, অর্থাৎ প্রায় ৬০ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।
এই তহবিলের বড় অংশই যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা কার্যক্রমে ব্যয় করা হয়।
সব মিলিয়ে গাজার বন্যা ও মানবিক পরিস্থিতি মোকাবিলায় ডেনমার্কের নতুন সহায়তার পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৮ দশমিক ৯ মিলিয়ন ডলার।


