শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার ক্ষেত্রে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট বিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে ‘প্রকৃতির পাঠশালা’র মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ। সরকার চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা ও বাংলাদেশ সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ বই চালু করছে। এসব উদ্যোগের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ব্যবহারিক শিক্ষার সুযোগ তৈরি হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামী বছর থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও দুপুরের খাবার (মিড-ডে মিল) দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।


