ইন্দোনেশিয়ায় ই-সিগারেট বা ভ্যাপ ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে ফতোয়া জারি করেছে দেশটির উলামা পরিষদ (এমইউআই)। এর পরিপ্রেক্ষিতে ভেপের বিতরণ পুরোপুরি নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেশটির সংবাদমাধ্যম দ্য জাকার্তা পোস্টের বরাতে সংবাদমাধ্যম দ্য স্টার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ৬ নভেম্বর ইন্দোনেশিয়ার উলামা পরিষদ মুসলমানদের জন্য ভ্যাপ ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে ফতোয়া দেয়। পরে ১১ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এই ফতোয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আজি মুহাওয়ারমান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষার নীতির ভিত্তিতে ইলেকট্রনিক সিগারেট নিয়ন্ত্রণের নীতিমালা পর্যালোচনা ও আরও কঠোর করার কাজ চলবে। এর মধ্যে ভ্যাপ বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ করার পরিকল্পনাও রয়েছে।
তবে সম্ভাব্য নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হতে পারে কিংবা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ইন্দোনেশিয়ায় ২০২৪ সালের সরকারি বিধিমালা অনুযায়ী, ২১ বছরের কম বয়সীদের কাছে ভ্যাপ বিক্রি নিষিদ্ধ। পাশাপাশি পণ্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবার্তা দেওয়ার বিধান রয়েছে। তবে বাস্তবে এসব নিয়ম কার্যকরে দুর্বলতা রয়েছে।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ২০২৫ সালের এক গবেষণায় দেখা গেছে, জাকার্তার বিভিন্ন তামাকপণ্যের দোকানে অপ্রাপ্তবয়স্কদের কাছে ভ্যাপ বিক্রি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। অনেক দোকানে ক্রেতার বয়স যাচাইয়ের নিয়মও মানা হয় না।
ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে ভ্যাপ ব্যবহারের হার ২০১৬ সালে ছিল ১ দশমিক ২ শতাংশ। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫ শতাংশে।
জনস্বাস্থ্য গবেষক দিয়া বিজয়ান্তি সুথা সতর্ক করে বলেছেন, কৈশোরে নিকোটিনের সংস্পর্শ মস্তিষ্কের বিকাশ, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভেপের ধোঁয়ায় সূক্ষ্ম কণা, উদ্বায়ী জৈব যৌগ ও নির্দিষ্ট কিছু ধাতুও থাকে।
অন্যদিকে ইন্দোনেশিয়ার ই-লিকুইড উৎপাদক সমিতি (পিপিইআই) সম্পূর্ণ নিষেধাজ্ঞার পরিবর্তে আনুপাতিক নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান জানিয়েছে। তাদের মতে, পুরোপুরি নিষিদ্ধ করলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাপ তৈরি হতে পারে।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর তামাক ও ভ্যাপপণ্যের অন্তত ৮০০টি অনলাইন বিজ্ঞাপন সরানোর সুপারিশ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৭০ শতাংশ বিজ্ঞাপন বন্ধ করা সম্ভব হয়েছে।
তবে নতুন নতুন বিজ্ঞাপনী অ্যাকাউন্ট তৈরি হওয়ায় অনলাইনে ভেপের প্রচার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।


