...|...|...

চট্টগ্রাম

ফটিকছড়িতে পৌঁছাল বুলেটপ্রুফ বাস, সড়কপথে চট্টগ্রাম নগরীতে যাবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, বিকেল ৩:০২ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৩১
Shares
ফটিকছড়িতে পৌঁছাল বুলেটপ্রুফ বাস, সড়কপথে চট্টগ্রাম নগরীতে যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহন করার জন্য লাল-সবুজ রঙের বিশেষ বুলেটপ্রুফ বাস চট্টগ্রামের ফটিকছড় উপজেলা সদরে এসে পৌঁছেছে। স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) তত্ত্বাবধানে রবিবার (১০ আগস্ট) সকালে বাসটি ফটিকছড়িতে পৌঁছায়। ফটিকছড়ি থেকে শুরু করে হাটহাজারী হয়ে চট্টগ্রাম শহর পর্যন্ত এই বাসে করেই যাত্রা করবেন প্রধানমন্ত্রী।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ ইব্রাহিম জানান, বাঁশখালী থেকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেলাগাজী দিঘীর মাঠের হেলিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বিশেষ বাসে করে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন এবং হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করবেন।

বাবুনগর মাদ্রাসা থেকে সড়কপথে হাটহাজারীর উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেলে হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতির পর হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাকবলিত পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

পরবর্তীতে সড়কপথেই চট্টগ্রাম নগরীতে গিয়ে সন্ধ্যা সোয়া ৭টায় রেডিসন ব্লু মিলনায়তনে আয়োজিত বিশেষ সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও দলীয় কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ঢাকায় ফিরবেন তিনি।