...|...|...

সারাদেশ

ফজরের পর থেকে অপেক্ষা, ১০টার পর জানানো হলো টিসিবির পণ্য মিলবে না

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:২৪
Shares
ফজরের পর থেকে অপেক্ষা, ১০টার পর জানানো হলো টিসিবির পণ্য মিলবে না

ছবি: সংগৃহীত

পাঁচ ছয়ঘণ্টা গ্রাহকদের অপেক্ষা করিয়েও টিসিবির পণ্য বিতরণ না করার অভিযোগ উঠেছে।

ফজরের নামাজের পর থেকে হাজারো গ্রাহক ট্রেডিং করপোরেশন বাংলাদেশের ( টিসিবি) স্বল্প মূল্যের পণ্যের জন্য লাইনে দাড়ায় এলাকাবাসী। পরে সকাল সাড়ে দশটার দিকে জানানো হয় পণ্য বিতরণ করা হবে না।

শুক্রবার ( ৬ নভেম্বর) জামালপুর সদরের শরিফপুর ইউপি কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

টিসিবির পণ্য সংগ্রহ করতে আসা ওই ইউনিয়নের শীতলকূর্শা গ্রামের আব্দুল মান্নান বলেন, ফজরের নামাজের পর বাড়ি থেকে বের হয়ে সাড়ে সকাল ছয়টার দিকে আসছি।

রণরামপুর গ্রামের সকিনা জানান, তিনি সাড়ে ছয়টার দিকে সেখানে উপস্থিত হয়েছেন টিসিবির পণ্যের জন্য।

জানা গেছে, জামালপুর সদরের সবচেয়ে বড় ইউনিয়ন শরিফপুরে দুইজন ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হয়। একজন ডিলার এখন পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে পণ্য সংগ্রহ করতে পারেনি। আরেকজন ডিলার পণ্য বিতরণ করতে গিয়ে বিপাকে পড়েছেন।পুরো ইউনিয়নের সব গ্রাহক এই ডিলারের কাছে উপস্থিত হলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে।

বৃহস্পতিবার জানানো হয় শুক্রবার সকালে ৫০০ প্যাকেজ বিতরণ করা হবে। এ খবরে শুক্রবার ফজরের নামাজের পর থেকে গ্রাহকরা উপস্থিত হতে থাকে।

অবস্থা বেগতিক দেখে সকাল সাড়ে দশটার দিকে জানানো হয় ওই ডিলার পণ্য সংগ্রহ করার পর আগামী মঙ্গলবার সব গ্রাহককে একসাথে পণ্য দেয়া হবে।

ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য উকিল মিয়া বলেন, বারবার নিষেধ করার পরও সবাই উপস্থিত হয়েছে।

একজন ডিলার এখন পর্যন্ত পণ্য সংগ্রহই করেননি। সে পণ্য সংগ্রহ করার পর সবাইকে পণ্য দেয়া হবে। আজ নির্দিষ্ট সংখ্যক গ্রাহককে পণ্য দিতে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, তাই পরে বিতরণ করা হবে।

জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ের প্রধান সহকারী নাজমুল হক জানান, টিসিবির পণ্য সংগ্রহ এবং বিতরণ পুরো বিষয়টি প্রশাসন মনিটরিং করে থাকে।

জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতারকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি।