...|...|...

সারাদেশ

টেকনাফে গুলিতে প্রাণ গেল সেনাসদস্য তিতাসের, ফরিদপুরে শোকের ছায়া

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৯
Shares
টেকনাফে গুলিতে প্রাণ গেল সেনাসদস্য তিতাসের, ফরিদপুরে শোকের ছায়া

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখ (২৮)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার অকালমৃত্যুর খবরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার নিজ এলাকা লস্করদিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে চলছে শোক ও আহাজারি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলছিল। এ সময় পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন সেনাসদস্য তিতাস শেখ। তার বুকের বাঁ পাশে গুলি লাগে।

পরে তাকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বেসামরিক অ্যাম্বুলেন্সে করে রামু সিএমএইচে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম আফজাল হোসেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে নগরকান্দার বারখাদিয়া এলাকার টুলু শেখের মেয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিতাস। তবে তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান নেই। স্বামীকে হারিয়ে তার স্ত্রীর জীবনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

তিতাস শেখের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার। মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকেই পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। প্রতিবেশী ও পরিচিতজনেরা শোকাহত পরিবারের খোঁজখবর নিচ্ছেন।

যে তরুণের কর্মস্থল ছিল দেশের সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকা, দেশের নিরাপত্তায় দায়িত্ব পালন করতে গিয়ে যার প্রাণ গেল, তার এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ নিজ এলাকা। তিতাসের মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, একজন সন্তানকে হারানোর বেদনায় কাতর হয়ে পড়েছে পুরো এলাকাবাসী।

দেশের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো এই সেনাসদস্যের মৃত্যুতে নগরকান্দায় শোকের ছায়া আরও গভীর হয়েছে।