...|...|...

সারাদেশ

তিন ঘণ্টা ধরে চেষ্টার পর গাছ থেকে নামল কিশোর ডাব চোর

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৭ | আপডেট: ৬ নভেম্বর ২০২৬, সকাল ১১:০২
Shares
তিন ঘণ্টা ধরে চেষ্টার পর গাছ থেকে নামল কিশোর ডাব চোর

ছবি: সংগৃহীত

জামালপুর পৌর শহরের টিক্কাপট্টি এলাকায় ডাব চুরি করতে গেলে টের পেয়ে ওই বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতি দেখে নারিকেল গাছের উপর উঠে বসে থাকে চোর। বেশ লম্বা গাছের উপর উঠে বসে থাকায় চোরকে নামানোর জন্য ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর)  রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।

দীর্ঘ তিন ঘন্টা ধরে চোরকে বুঝানোর পর, তাকে গ্রেফতার না করার শর্তে তার এলাকার মানুষের উপস্থিতিতে গাছ থেকে নেমে আসে কিশোর মমতাজ (১৪)।

মমতাজ ওই এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে শেরপুর সদর উপজেলার কুলুরচর বেপারী পাড়ার সোহেলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে নেমে আসতে বললে প্রথমে তাদেরকে এলাকা ছাড়তে বলেন কিশোর মমতাজ।

সে বলে মাত্র পাঁচটি ডাবের জন্য আপনারা আসছেন কেন? নেশা কেনাবেচা হয়, বড় বড় চুরি হয়, ব্যাংক ডাকাতি হয় আপনারা সেগুলো ধরেন। আমারে ধরে কী হবে?  এসময় তাকে বারবার বুঝানো হয় তাকে গ্রেফতার করা হবে না, পুলিশ চলে গেছে। ফায়ার সার্ভিসের লোকজন কাউকে ধরে না। এসময় তাকে গাছের উপর বসে গান গাইতে শুনা যায়।

এক পর্যায়ে রাত বারোটার দিকে তার এলাকার লোকজন এসে তাকে গ্রেফতার করা হবে না মর্মে নিশ্চিত করা হলে গাছ বেয়ে নেমে আসে ওই কিশোর।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম বলেন, ‘দীর্ঘ সময় ধরে তাকে বুঝিয়ে এবং পুলিশের কাছে না দেয়ার শর্তে গাছ থেকে নামানো সম্ভব হয়েছে। মমতাজকে তার এলাকার লোকজনের সাথে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।’