...|...|...

সারাদেশ

চট্টগ্রামে সরকারি দুই কার্যালয়ের সামনে পেট্রলবোমা নিক্ষেপ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, সকাল ১১:২০
Shares
চট্টগ্রামে সরকারি দুই কার্যালয়ের সামনে পেট্রলবোমা নিক্ষেপ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় সরকারি দুটি কার্যালয়ের সামনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আখতারুজ্জামান উড়ালসড়ক থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) কার্যালয় এবং চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে এসব পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, দুটি সরকারি কার্যালয়ের সামনে মোট তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। কার্যালয় দুটির কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

পুলিশ জানায়, এলজিইডি কার্যালয়ের সামনে দুটি পেট্রলবোমা পড়ে। তবে সেগুলো ভেঙে যাওয়ায় আগুন ধরেনি। অন্যদিকে চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে নিক্ষেপ করা পেট্রলবোমাটি প্রায় ৮ থেকে ১০ সেকেন্ড জ্বলে নিভে যায়। পরে কার্যালয়ের কর্মচারীরা সেটি সেখান থেকে সরিয়ে নালায় ফেলে দেন।

ঘটনার পর এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যস্ততম সড়ক ও সরকারি কার্যালয়ের সামনে এমন ঘটনায় স্থানীয় বাসিন্দা, পথচারী ও কার্যালয়ের কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, উড়ালসড়ক থেকে মোটরসাইকেল অথবা গাড়িতে করে পেট্রলবোমাগুলো নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে কারা এ ঘটনার সাথে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। সরকারি গুরুত্বপূর্ণ দুটি কার্যালয়ের সামনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত চালাচ্ছে পুলিশ।