যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি ম্যারাথনে অংশ নিয়ে ফিনিশ লাইনের মাত্র দুই মাইল আগে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান ২৪ বছর বয়সী অ্যাথলেট র্যাচেল অ্যাপা। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের দীর্ঘ চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন সাবেক এই কলেজ অ্যাথলেট। চিকিৎসকদের ধারণা, অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কারণে সৃষ্ট বিরল জটিলতা ‘র্যাবডোমায়োলাইসিস’ তার মৃত্যুর কারণ।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, রবিবার (১ নভেম্বর) ম্যানহাটনের সেন্ট্রাল পার্কের কাছে ম্যারাথনের শেষ পর্যায়ে এ ঘটনা ঘটে। র্যাচেলের বাবা স্টিভ অ্যাপা দ্য নিউইয়র্ক টাইমসকে জানান, চিকিৎসকেরা তার মেয়ের মৃত্যুর কারণ হিসেবে র্যাবডোমায়োলাইসিসের কথা জানিয়েছেন।
র্যাচেল রাস্তায় পড়ে যাওয়ার পর তাকে সাহায্য করতে এগিয়ে আসেন ম্যারাথন দেখতে আসা হাসপাতালের সোশ্যাল ওয়ার্কার মিশেলা নিকোলাস। তিনি জানান, র্যাচেলের স্পন্দন পাচ্ছিলেন না। এ সময় দর্শকদের মধ্য থেকে দুজন চিকিৎসক এগিয়ে এসে অ্যাম্বুল্যান্স পৌঁছানোর আগ পর্যন্ত পালাক্রমে তাকে সিপিআর দিতে থাকেন।
পরে ম্যারাথনের মেডিকেল টিম ডিফিব্রিলেটর নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুত র্যাচেলকে মাউন্ট সিনাই মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা টানা ছয় ঘণ্টা তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
র্যাচেলের বাবা স্টিভ অ্যাপা মেয়ের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ‘এটি ভাবাই যায় না। মাত্র ২৪ বছর বয়স, সম্পূর্ণ সুস্থ শরীর এবং নিখুঁত ফিটনেস ছিল ওর।’
পেনসিলভেনিয়ার বাসিন্দা র্যাচেল বাকনেল ইউনিভার্সিটির সাবেক ডিভিশন-১ ফিল্ড হকি খেলোয়াড় ছিলেন। শারীরিকভাবে সুস্থ ও ফিট এই তরুণীর জন্য নিউইয়র্ক সিটি ম্যারাথন ছিল জীবনের প্রথম ম্যারাথন।
২০২২ সালে পার্কিনসন্স রোগে মারা যাওয়া প্রিয় দাদার স্মরণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে তিনি এ দৌড়ে অংশ নিয়েছিলেন। মৃত্যুর আগে রেসের ২৪তম মাইলে পৌঁছে বাবাকে শেষবারের মতো টেক্সট মেসেজ পাঠান র্যাচেল। তাতে লেখা ছিল, ‘ফাইনাল স্ট্রেচ’ অর্থাৎ শেষ মুহূর্ত।
কিন্তু শেষ মুহূর্তের সেই বার্তা পাঠানোর পরও আর ফিনিশ লাইনে পৌঁছানো হয়নি ২৪ বছর বয়সী এই অ্যাথলেটের।



