...|...|...

খেলা

১৭ মিনিটেই চার গোল, পিএসজির রেকর্ডগড়া জয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:০২
Shares
১৭ মিনিটেই চার গোল, পিএসজির রেকর্ডগড়া জয়

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে একের পর এক রেকর্ড গড়ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ভিয়ালিয়ালকে ৬-০ গোলে হারিয়ে টানা তৃতীয় শিরোপা জয়ের পথে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অভিষেকেই গোল করে আলোচনায় এসেছেন ১৭ বছর বয়সী ডিফেন্ডার ডেভিড বলি।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্পেনের ভিয়ালিয়ালে ম্যাচের প্রথম ১৭ মিনিটেই চার গোল করে পিএসজি। জোয়াও নেভেস, দেসিরে দুয়ে, সেনি মায়ুলু ও ফ্যাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় তারা। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্রুততম সময়ে চার গোলের নতুন রেকর্ড এটি। আগের রেকর্ডটি ছিল ২০১১ সালে ডায়নামো জাগরেবের ২০ মিনিটে চার গোল।

দলের শুরুটা দারুণ লেগেছে বলে জানিয়েছেন কোচ লুইস এনরিকে। তিনি বলেন, ‘আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে যেভাবে আমরা ম্যাচটা শুরু করেছিলাম। ০-৪ গোলে দ্রুত পিছিয়ে পড়ার পর কোনো দলই ঘুরে দাঁড়াতে পারে না।’

৫০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রুইজ। ৭৮তম মিনিটে বদলি হিসেবে নামা ১৭ বছর বয়সী ডেভিড বলি চ্যাম্পিয়নস লিগে অভিষেক ম্যাচেই গোল করে ব্যবধান ৬-০ করেন।

এ জয়ে আরও একটি রেকর্ড গড়েছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগে প্রথম দল হিসেবে টানা চার ম্যাচে অন্তত চারটি করে গোল করেছে তারা। চলতি আসরে চার ম্যাচে তাদের গোলসংখ্যা ১৮।

উসমান দেম্বেলে, মারকুইনহোস, নুনো মেন্দেস ও খভিচা কভারাৎস্খেলিয়ার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই বড় জয় পেয়েছে পিএসজি। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা দশম জয়। চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি।