...|...|...

খেলা

বেলজিয়ান তারকার চোখে সর্বকালের সেরা তিন ফুটবলার, নেই রোনালদো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৩
Shares
বেলজিয়ান তারকার চোখে সর্বকালের সেরা তিন ফুটবলার, নেই রোনালদো

জেরেমি ডোকুর। ছবি: সংগৃহীত

সর্বকালের সেরা ফুটবলার কারা, এ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বিতর্ক দীর্ঘদিনের। কারও পছন্দ লিওনেল মেসি, কারও আবার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ম্যানচেস্টার সিটির বেলজিয়ান উইঙ্গার জেরেমি ডোকুর পছন্দের তালিকায় জায়গা পাননি পর্তুগিজ মহাতারকা। মেসির সাথে দুই ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও ও রোনালদো নাজারিওকে বেছে নিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের পছন্দের সর্বকালের সেরা তিন ফুটবলারের নাম জানিয়েছেন ডোকু। দলবদলবিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডোকুর এই পছন্দের তালিকা প্রকাশ করেন।

ডোকুর তালিকায় প্রথমেই রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান। বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন তিনি। গোল করার পাশাপাশি ড্রিবলিং, প্লেমেকিং এবং সতীর্থদের দিয়ে গোল করানোর দক্ষতার জন্যও বিশ্বজুড়ে সমাদৃত মেসি।

তবে ডোকুর তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতিই বেশি আলোচনার জন্ম দিতে পারে। গত এক যুগেরও বেশি সময় ধরে মেসি ও রোনালদো ফুটবল বিশ্বে নিজেদের আধিপত্য ধরে রেখেছেন। দুজনের সম্মিলিত ব্যালন ডি’অর সংখ্যা ১৩।

ডোকুর পছন্দের তালিকায় দ্বিতীয় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও। ২০০৫ সালে ব্যালন ডি’অর জেতা এই ফুটবলার অসাধারণ ড্রিবলিং, নৈপুণ্য ও দৃষ্টিনন্দন ফুটবলের জন্য পরিচিত। বিশেষ করে বার্সেলোনায় ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তার পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছিল। মাঠে হাসিমুখে খেলা, দুর্দান্ত কৌশল এবং একক নৈপুণ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তাকে ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় খেলোয়াড়ে পরিণত করেছে।

তালিকার তৃতীয় নাম ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো নাজারিও। গতি, ড্রিবলিং ও গোল করার অসাধারণ দক্ষতার কারণে তাকে ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে বিবেচনা করা হয়।

মাত্র ২০ বছর বয়সে বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন রোনালদো। পরের বছর ইন্টার মিলানে যোগ দিয়েও নিজের সামর্থ্যের প্রমাণ দেন। ২১ বছর বয়সে ব্যালন ডি’অর জিতে হন পুরস্কারটির তৎকালীন সর্বকনিষ্ঠ বিজয়ী।

ইন্টার মিলানের হয়ে ৯৯ ম্যাচে ৫৯ গোল করার পর রিয়াল মাদ্রিদে পাড়ি জমান এই ব্রাজিলিয়ান। স্প্যানিশ ক্লাবটির হয়ে করেন আরও ১০৪ গোল। ক্যারিয়ারের পরবর্তী সময়ে এসি মিলান ও করিন্থিয়ান্সের হয়েও খেলেছেন তিনি। তবে একাধিক গুরুতর হাঁটুর চোট তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।