...|...|...

খেলা

বাবার পর পর্তুগালের জার্সিতে রোনালদো জুনিয়র

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫১
Shares
বাবার পর পর্তুগালের জার্সিতে রোনালদো জুনিয়র

ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। ছবি: সংগৃহীত

বাবার পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে এগিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে ডাক পেয়েছেন দেশটির মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে। আগামী বছরের ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা হয়েছে তার।

আগামী ১১ নভেম্বর অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে পর্তুগাল। এরপর ১৪ নভেম্বর বুলগেরিয়া এবং ১৭ নভেম্বর সার্বিয়ার মুখোমুখি হবে দলটি। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণ সদর দপ্তর ওইরাসে।

পরবর্তী বাছাইপর্বে ওঠার জন্য গ্রুপের শীর্ষ দুই দলের মধ্যে থাকতে হবে পর্তুগালকে। এই লক্ষ্য সামনে রেখে ঘোষিত দলে রাখা হয়েছে ক্রিশ্চিয়ানিনহো নামে পরিচিত রোনালদো জুনিয়রকে।

১৬ বছর বয়সী এই ফুটবলার মূলত উইঙ্গার হিসেবে খেলেন। বর্তমানে বাবার ক্লাব আল নাসরের বয়সভিত্তিক দলের হয়ে মাঠে নামছেন তিনি। এর আগে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ দলেও খেলার অভিজ্ঞতা হয়েছে তার।

অনূর্ধ্ব-১৫ পর্যায়ে একটি টুর্নামেন্টের ফাইনালে জোড়া গোল করে দলকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন রোনালদো জুনিয়র। পরে অনূর্ধ্ব-১৬ দলের হয়ে দুটি প্রতিযোগিতায় অংশ নেন তিনি। এই পর্যায়ে ৯ ম্যাচে তার গোলসংখ্যা তিন।

এদিকে ছেলের বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়ার পাশাপাশি পর্তুগালের সিনিয়র জাতীয় দলেও নজর রয়েছে রোনালদোর। আগামী শুক্রবার জাতীয় দলের পরবর্তী স্কোয়াড ঘোষণা করবে দেশটির ফুটবল ফেডারেশন। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড সেই দলে থাকেন কি না, তা জানা যাবে তখনই।