...|...|...

খেলা

জানুয়ারিতে বাংলাদেশে আসতে রাজি ভারতীয় ক্রিকেট দল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:২০ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৩
Shares
জানুয়ারিতে বাংলাদেশে আসতে রাজি ভারতীয় ক্রিকেট দল

ছবি: সংগৃহীত

দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন কাটলে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে দলটির বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে নীতিগত সমঝোতা হয়েছে। তবে সফরের জন্য দুই দেশের সরকারের সম্মতিও প্রয়োজন।

গত ২৮ অক্টোবর বিসিবির ওয়ার্কিং কমিটির সভায় বোর্ড সভাপতি তামিম ইকবাল ভারত সফর নিয়ে আলোচনার অগ্রগতি জানান। বিসিবির একাধিক সূত্রের বরাতে জানা গেছে, জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে দ্বিতীয় সপ্তাহের মধ্যে সিরিজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে তামিম ইকবাল বলেন, ‘আমরা একটা উইন্ডো (সময়) নিয়ে আলোচনা করছি। বিসিসিআইয়ের সাথে আমাদের আলোচনা যেভাবে এগোচ্ছে, তাতে আমি আশাবাদী, ভারতীয় দল সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে। দুই বোর্ড ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করছে।’

বিসিবির সাথে আলোচনায় ইতিবাচক অবস্থানে রয়েছে বিসিসিআই। সর্বশেষ অনলাইন বৈঠকেও জানুয়ারির শুরুতে সিরিজ আয়োজনের বিষয়ে দুই বোর্ডের কর্মকর্তারা নীতিগতভাবে একমত হয়েছেন বলে জানা গেছে।  তবে সফর চূড়ান্ত করতে দুই দেশের সরকারের সম্মতি গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে সম্প্রতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে বলেন, ‘আমরা খেলাধুলাকে সব সময় রাজনীতির বাইরে রাখতে চাই। আমরা চাই প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক এবং এই সম্পর্ক যেন জোরদার থাকে। ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের বিষয়টি আমরা আন্তরিকভাবে দেখছি। আমরা চাই তারা এসে আমাদের দেশে খেলুক এবং আমরাও তাদের দেশে গিয়ে খেলতে চাই।’

তিনি জানান, জানুয়ারিতে সিরিজ আয়োজন নিয়ে আলোচনা চলছে, তবে সময় এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে দুইবার ভারতীয় দলের বাংলাদেশ সফরের সূচি নির্ধারিত হলেও রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির কারণে সিরিজ আয়োজন সম্ভব হয়নি। প্রথমবার গত বছরের আগস্টে এবং দ্বিতীয়বার চলতি বছরের সেপ্টেম্বরে সিরিজ হওয়ার কথা ছিল। দুইবারই সফরটি শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি।

ভারতের বিপক্ষে সিরিজটি বিসিবির জন্য আর্থিকভাবেও গুরুত্বপূর্ণ। এ ধরনের সিরিজে টেলিভিশন সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ ও টিকিট বিক্রি থেকে উল্লেখযোগ্য আয় হয়। পাশাপাশি আগামী দিনে বাংলাদেশে অনুষ্ঠেয় আইসিসি ও এসিসির বিভিন্ন টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণের বিষয়টিও গুরুত্বপূর্ণ।

সিরিজ সামনে রেখে প্রস্তুতিও শুরু করেছে বিসিবি। বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরের নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আয়োজনের পাশাপাশি জানুয়ারির শুরুতে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা কম রাখা হবে। ভারতীয় দলের সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা ও আয়োজনের বিষয়েও গুরুত্ব দিচ্ছে বোর্ড।