...|...|...

খেলা

দ্রুততম ফিফটিতে ক্রিকেটবিশ্বকে চমকে দিলেন প্রেমা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সকাল ১১:০৬
Shares
দ্রুততম ফিফটিতে ক্রিকেটবিশ্বকে চমকে দিলেন প্রেমা

প্রেমা রাওয়াত। ছবি: সংগৃহীত

মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের প্রেমা রাওয়াত। মাত্র ১৪ বলে অর্ধশতক পূর্ণ করে আগের ১৫ বলের রেকর্ড ভেঙেছেন উত্তরাখণ্ডের এই স্পিনিং অলরাউন্ডার। ব্যাট হাতে রেকর্ড গড়ার পাশাপাশি বল হাতেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

ভারতের ঘরোয়া প্রতিযোগিতা সিনিয়র উইমেনস টি-টোয়েন্টি ট্রফিতে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন ২৪ বছর বয়সী প্রেমা। ইনিংসের ১৮তম ওভারে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪ বলেই ফিফটি পূর্ণ করেন তিনি। তার ঝোড়ো ইনিংসে ছিল চারটি ছক্কা ও ছয়টি চার।

এর আগে মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল ১৫ বলের। যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন ম্যারি কেলি (২০২২), ফাতিমা সানা (২০২৬) এবং লরা হ্যারিস (২০২৫ ও ২০২৬)। তাদের পেছনে ফেলে এককভাবে রেকর্ডটি নিজের করে নিলেন প্রেমা।

ক্রিজে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন এই ভারতীয় অলরাউন্ডার। ১৮তম ওভারের প্রথম তিন বলেই চার মারেন তিনি। পরের ওভারে হাঁকান দুটি ছক্কা ও একটি চার। শেষ ওভারের শেষ চার বলে দুটি ছক্কা ও দুটি চার মেরে নিজের অর্ধশতক পূর্ণ করার পাশাপাশি বিশ্বরেকর্ডও নিশ্চিত করেন।

প্রেমার ১৪ বলে ৫০ রানের ইনিংস এবং অধিনায়ক রাঘভি বিস্তের অপরাজিত ৭২ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে উত্তরাখণ্ড। জবাবে হায়দরাবাদকে মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়ে ৮৯ রানের বড় জয় পায় দলটি।

ব্যাট হাতে রেকর্ড গড়ার পর বল হাতেও নিজের সামর্থ্য দেখিয়েছেন প্রেমা। চার ওভার বোলিং করে মাত্র ১২ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট। ফলে ব্যাটিংয়ের বিশ্বরেকর্ডের পাশাপাশি দলের জয়ে অলরাউন্ড পারফরম্যান্সেও আলোচনায় উঠে এসেছেন তিনি।