দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাবার গ্রহণ ও শরীরচর্চার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শনিবার (১৪ নভেম্বর) দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
বাণীতে তারেক রহমান বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও নিয়মিত চিকিৎসা ও যথাযথ পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। যারা এখনও এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে রোগটি প্রতিরোধে সচেতন থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যা। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, যা উদ্বেগজনক। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি জটিলতা থেকে জীবনহানির ঝুঁকিও তৈরি হয়।
তবে সময়মতো রোগ শনাক্ত, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম ও সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ জরুরি। এ ক্ষেত্রে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে। গত দুই দশক ধরে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে, যা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।
বাণীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন তিনি।



