...|...|...

বিশ্ব

প্রতারণামূলক পোস্ট সরাতে ব্যর্থ ফেসবুক-ইউটিউব, যা বলছে ইউরোপীয় সংস্থা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২৭
Shares
প্রতারণামূলক পোস্ট সরাতে ব্যর্থ ফেসবুক-ইউটিউব, যা বলছে ইউরোপীয় সংস্থা

ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের অভিযোগের পরও প্রতারণামূলক কনটেন্ট সরাতে ব্যর্থ হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও টিকটকের মতো বড় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। ইউরোপের একটি স্বাধীন পর্যালোচনা সংস্থার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আয়ারল্যান্ডের সংবাদমাধ্যম আরটিই জানায়, ইউরোপভিত্তিক সংস্থা ‘আপিলস সেন্টার ইউরোপ’ গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নিয়ন্ত্রণসংক্রান্ত ৪৩ হাজার অভিযোগ পেয়েছে। এর মধ্যে ১৯ হাজারের বেশি অভিযোগ পর্যালোচনার যোগ্য ছিল।

সংস্থাটির পর্যালোচনায় দেখা গেছে, নিজেদের নীতিমালা লঙ্ঘন করলেও বিভিন্ন প্রতারণামূলক কনটেন্ট সরায়নি প্ল্যাটফর্মগুলো। পর্যালোচনা করা সিদ্ধান্তগুলোর প্রায় ৭৫ শতাংশই উল্টে দিয়েছে সংস্থাটি। এর মধ্যে ইউটিউবের ৯৩ শতাংশ, টিকটকের ৭৭ শতাংশ এবং ইনস্টাগ্রামের ৭৫ শতাংশ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভুয়া বিনিয়োগের প্রলোভন ও প্রেমের সম্পর্কের মাধ্যমে প্রতারণার ঘটনা বাড়ছে। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ২০২৪ সালে স্পেনের ভ্যালেন্সিয়ায় বন্যা নিয়ে বিভ্রান্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগও পাওয়া গেছে।

আপিলস সেন্টার ইউরোপের প্রধান নির্বাহী থমাস হিউজ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো প্রতারকদের নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না।

আয়ারল্যান্ডের ডাবলিনভিত্তিক সংস্থাটি ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের আওতায় কনটেন্ট নিয়ন্ত্রণসংক্রান্ত বিরোধ পর্যালোচনা করে। তবে তাদের সিদ্ধান্ত আইনগতভাবে বাধ্যতামূলক নয়। যদিও প্ল্যাটফর্মগুলোকে এসব পর্যালোচনায় আন্তরিকভাবে সহযোগিতা করতে হয়।