তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে মঙ্গলবার চতুর্থ সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড।
মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে এদিন দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ সভা হবে।
সোমবার (২৩ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে গার্মেন্টসশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।


