সতীর্থ নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজের দিয়ে দুটি গোল করানোর পর এবার নিজেও গোল পেয়েছেন লিওনেল মেসি। গোল নম্বর ১২৬!
বেনিন বক্সে অগাস্টিন জিয়াই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৭১ মিনিটে বল স্পটে বসিয়ে মেসি যে কিক নিয়েছেন, সেটি ধরারই উপায় ছিল না বেনিন গোলকিপারের। একে তো ভুল দিকে ঝাঁপিয়েছেন, তার ওপর জোরাল গতিতে বলটা গেছে ওপরের কোণায়।
গোলের পর মেসিকে বৃত্তের মাঝে রেখে উদ্যাপন করেছেন সতীর্থরা।
উল্লেখ্য, দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রথম গোল করে আর্জেন্টিনা। ৪৮তম মিনিটে মেসির কর্নার থেকে পাওয়া বল ভলিতে জালে জড়িয়েছেন নিকোলাস ওতামেন্দি।
এরপর বাম দিক থেকে মেসির বাড়ানো বল গেছে নিকো পাজের কাছে। গোলপোস্টের দিকে ঘুরে বাঁকানো শটে বল পাঠিয়ে দেন বাম কোণ দিয়ে। বেনিনের গোলরক্ষকের পক্ষে এই বল ঠেকানোর কোনো সুযোগই ছিল না।
বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার দুই গোলে অ্যাসিস্ট করলেন মেসি।

