...|...|...

খেলা

মেসির উত্তরসূরি কে, জানিয়ে দিলেন মা কুচ্চিত্তিনি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০
Shares
মেসির উত্তরসূরি কে, জানিয়ে দিলেন মা কুচ্চিত্তিনি

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির মতো ফুটবলার পাওয়া সহজ নয়। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় থেকে শুরু করে ক্লাব ফুটবলে অসংখ্য কীর্তি সব মিলিয়ে ফুটবল ইতিহাসে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। মেসির বিদায়ের পর স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে তার উত্তরসূরির প্রসঙ্গ। এবার সেই প্রশ্নে নিজের পছন্দের কথা জানিয়েছেন মেসির মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি। ছেলের বিদায়ী ম্যাচে এক তরুণ ফুটবলারের হাত ধরে তিনি বলেছিলেন, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি।’ সেই ফুটবলার হলেন আর্জেন্টিনার উদীয়মান তারকা নিকো পাজ।

৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেন মেসি। ছেলের সেই বিদায়ী মুহূর্তের সাক্ষী হতে গ্যালারিতে উপস্থিত ছিলেন তার মা। সেদিনের একটি আবেগঘন ঘটনা সম্প্রতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিজাইনার ফাবিয়ান পাজ। গোল ডটকমের এক প্রতিবেদন এসব তথ্য জানা যায়।

ফাবিয়ানের ভাষ্য অনুযায়ী, মেসির বিদায়ী ম্যাচে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন নিকো পাজ। তখন মেসির মা আবেগাপ্লুত হয়ে কাঁদছিলেন। নিকো তাকে আগে থেকেই চিনতেন। তাই কাছে গিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নিকোর হাত ধরে মেসির মা বলেন, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি।’

মেসির মায়ের মুখে এমন কথা শুনে বিস্মিত হয়ে পড়েন নিকো। ফাবিয়ান জানান, পরে নিকো তাকে বলেছিলেন, এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন, তা তিনি কল্পনাও করেননি। মেসির মতো কিংবদন্তির মায়ের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া তার কাছে ছিল অবিশ্বাস্য এক মুহূর্ত।

তবে মেসির উত্তরসূরি হওয়ার চিন্তা কখনোই মাথায় ছিল না নিকোর। তার কাছে বড় বিষয় ছিল মেসির সাথে পরিচিত হওয়া এবং একই মাঠে তার সাথে খেলার সুযোগ পাওয়া। আর্জেন্টিনায় ফুটবল ঘিরে মানুষের আবেগ ও প্রত্যাশা অনেক বেশি। যদিও দেশের বাইরে বেড়ে ওঠায় সেই চাপের সাথে এখনো পুরোপুরি অভ্যস্ত হয়ে ওঠেননি এই তরুণ মিডফিল্ডার।

এদিকে মেসির বিদায়ের পর নতুন প্রজন্মের সামর্থ্যের প্রমাণও মিলছে আর্জেন্টিনা দলে। বুধবার (১৮ নভেম্বর) কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ৭-০ গোলের বড় জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন নিকো পাজ। জুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর পাশাপাশি জোড়া গোল করেন তিনি। অন্য গোলটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে নিজের দক্ষতার পরিচয় দেন নিকো। আর্জেন্টিনার জার্সিতে সবশেষ পাঁচ ম্যাচে তার গোলসংখ্যা এখন পাঁচ। মেসির পরবর্তী সময়ে দলের আক্রমণভাগে এই তরুণ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন, তা নিয়ে তাই নতুন করে আশাবাদী আর্জেন্টাইন সমর্থকেরা।