বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদ পেয়েছেন। ক্লাব ফুটবলেও চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগসহ জিতেছেন একাধিক শিরোপা। দীর্ঘ দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ৩৮ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান মাতা। স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এই মিডফিল্ডার। ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালির বিপক্ষে গোল করেও দলের শিরোপা জয়ে অবদান রাখেন তিনি।
স্পেন জাতীয় দলের হয়ে ৪১টি ম্যাচ খেলেছেন মাতা। তবে ২০১৬ সালের পর আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি তার।
রিয়াল মাদ্রিদের যুব দল থেকে উঠে আসা মাতার পেশাদার ক্যারিয়ারের উল্লেখযোগ্য সময় কেটেছে ভ্যালেন্সিয়ায়। ২০০৭ সালে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেন তিনি। চার বছর সেখানে খেলার পর ২০১১ সালের আগস্টে ইংলিশ ক্লাব চেলসিতে পাড়ি জমান।
চেলসির জার্সিতে দারুণ সময় কাটান এই স্প্যানিশ তারকা। লন্ডনের ক্লাবটির হয়ে জেতেন চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও এফএ কাপ। এরপর ২০১৪ সালের জানুয়ারিতে চেলসি ছেড়ে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে।
ওল্ড ট্রাফোর্ডেও শিরোপা জয়ের ধারাবাহিকতা বজায় রাখেন মাতা। ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগ, এফএ কাপ ও লিগ কাপ জেতেন তিনি। ২০২২ সালে ইংলিশ ক্লাবটির সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটে।
ক্যারিয়ারের শেষ পর্যায়ে তুরস্কের গ্যালাতাসারেই ও জাপানের ভিসেল কোবের হয়ে খেলেন মাতা। এরপর অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ও মেলবোর্ন ভিক্টরির জার্সিতে মাঠে নামেন। সেখান থেকেই শেষ হলো তার পেশাদার ফুটবলের পথচলা।


