টেস্ট অভিষেকেই ব্যাট ও বল হাতে অবিশ্বাস্য কীর্তি গড়েছেন আফগানিস্তানের ২০ বছর বয়সী অলরাউন্ডার নাসির খান মারুফখিল। নিজের প্রথম টেস্টে সেঞ্চুরির পাশাপাশি ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে অভিষেকে সেঞ্চুরি ও একই ম্যাচে ৯ উইকেট নেওয়ার কীর্তি গড়া প্রথম ক্রিকেটার তিনি। এ ছাড়া অভিষেকেই ব্যাটিং ও বোলিংয়ে একাধিক বিরল রেকর্ড গড়েছেন এই তরুণ।
জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় অনুষ্ঠিত টেস্টে এমন কীর্তি গড়েন নাসির। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ব্যাট হাতে ১২১ রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৯ উইকেট। তবে তার দুর্দান্ত পারফরম্যান্সের পরও জয় পায়নি আফগানিস্তান। ৪১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৭ রানে হেরে যায় দলটি।
ম্যাচের প্রথম ইনিংসে ৭৪ বলে ২০ রান করেন নাসির। বল হাতে ৪৪ ওভার করে ১৫১ রান খরচায় তুলে নেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে আরও উজ্জ্বল ছিলেন তিনি। ২৪২ বল মোকাবিলা করে ১০১ রানে অপরাজিত থাকেন। পরে বল হাতে ৩৭ ওভারে ১০৬ রান দিয়ে আরও ২ উইকেট শিকার করেন।
এ ম্যাচে আরও কয়েকটি বিরল রেকর্ডের মালিক হয়েছেন নাসির। দুই ইনিংস মিলিয়ে ব্যাট করেছেন ৩১৬ বল। অন্যদিকে বোলিং করেছেন ৮১ ওভার। টেস্ট অভিষেকে ৩০০-এর বেশি বল খেলা এবং ৩০০-এর বেশি বল করার নজিরও আগে ছিল না কোনো ক্রিকেটারের। একই ম্যাচে ৫০ ওভারের বেশি ব্যাটিং ও ৫০ ওভারের বেশি বোলিং করার কীর্তিও প্রথমবার দেখল টেস্ট ক্রিকেট।
এর আগে টেস্ট অভিষেকে সেঞ্চুরির পাশাপাশি এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন কেবল নিউজিল্যান্ডের ব্রুস টেলর। ১৯৬৫ সালের মার্চে কলকাতার ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার।
সেই ম্যাচে আট নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১০৫ রান করেন টেলর। এরপর বল হাতে ২৩.৫ ওভার করে ৮৬ রান দিয়ে নেন ৫ উইকেট। ম্যাচটি ড্র হয়েছিল। দ্বিতীয় ইনিংসে শূন্য রানে অপরাজিত ছিলেন তিনি। এবার সেই রেকর্ডের পাশে নাম লেখানোর পাশাপাশি পারফরম্যান্সের বিচারে টেলরকেও ছাড়িয়ে গেছেন নাসির।
জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে নাসিরের মোট সংগ্রহ ১২১ রান ও ৯ উইকেট। আফগানিস্তানের হয়ে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার তিনি। এর আগে চলতি মাসে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ১১৩ রান করেছিলেন রহমানউল্লাহ। তার আগে ২০২৫ সালের জানুয়ারিতে বুলাওয়েতে ১০১ রানের ইনিংস খেলেছিলেন ইসমত আলম।
অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেওয়া আফগান বোলারদের তালিকায় নাসির চতুর্থ। প্রথম ইনিংসে তার ৭ উইকেট আফগানিস্তানের হয়ে টেস্ট অভিষেকে দ্বিতীয় সেরা বোলিং। এই তালিকায় শীর্ষে রয়েছেন জিয়াউর রহমান। নিজের অভিষেক টেস্টের এক ইনিংসে ৯৭ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।
ব্যাট হাতে সেঞ্চুরি, বল হাতে ৯ উইকেট মাত্র ২০ বছর বয়সেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন নাসির খান মারুফখিল। তবে ব্যক্তিগত সাফল্য দলকে জেতাতে পারেনি। তার দুর্দান্ত পারফরম্যান্সের পরও ৫৭ রানে হেরে যায় আফগানিস্তান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছর পর জিম্বাবুয়ে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে।



