নতুন বল হাতে পেয়েই দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ধস নামিয়ে ম্যাচে দারুণভাবে ফিরেছিল বাংলাদেশ। তবে ঠিক সেই সময়ই বৃষ্টির কারণে থেমে যায় খেলা। এতে প্রতিপক্ষকে দ্রুত অলআউট করার সুযোগ হাতছাড়া হলেও ম্যাচের নিয়ন্ত্রণ এখনো নিজেদের দিকেই আছে বলে মনে করছেন তাসকিন আহমেদ।
মঙ্গলবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এমন আশাবাদ জানান বাংলাদেশের এই পেসার। বৃষ্টিতে লাঞ্চ বিরতির পর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। দিন শেষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে বাংলাদেশের চেয়ে ১৪ রানে পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা।
তৃতীয় দিনের সকালে টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটনের ব্যাটে ভালো অবস্থানে পৌঁছে যাচ্ছিল স্বাগতিকরা। দুজনের জুটিতে যোগ হয় ৭৯ রান। তবে বাভুমা ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার পর নতুন বল নেয় বাংলাদেশ। এরপরই ঘুরে দাঁড়ায় সফরকারীরা।
নতুন বলে আক্রমণ শানিয়ে ১৯ বলের মধ্যে ১৫ রানের ব্যবধানে তিন উইকেট তুলে নেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন ও সাইমন হারমারকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে বাংলাদেশ। তবে এই ধারা ধরে রাখার আগেই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা।
দিন শেষে সেই আক্ষেপই উঠে আসে তাসকিনের কথায়। তিনি বলেন, “বৃষ্টি তো আসলে নিয়ন্ত্রণে নেই। তবে যে জিনিসটা হতো, আমরা যে মোমেন্টামটা পেয়েছিলাম, ওই সময়টায় দ্রুত ওদের অলআউট হয়ে যাওয়ার একটা সুযোগ ছিল। লাঞ্চ থেকে চা-বিরতির সময়টা ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো। উইকেট ভালো থাকে, রোদ পড়ে।”
তবে বৃষ্টিতে খেলা বন্ধ হলেও নিজেদের অবস্থান নিয়ে হতাশ নন তাসকিন। চতুর্থ দিন ভালো শুরু করতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে নেওয়া সম্ভব বলে মনে করেন তিনি।
তাসকিনের ভাষায়, “ঠিক আছে, স্টিল আমরা গেমে আছি। আল্লাহর রহমতে মনে হয় ভালো পজিশনেই আছি। কালকের আবহাওয়ার পূর্বাভাস যেটা আছে, ওটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু দিনের শুরুটা যদি আমরা ভালো করতে পারি, তাড়াতাড়ি ওদের বাকি উইকেটগুলো নিতে পারি এবং আমাদের ব্যাটসম্যানরা ভালো শুরু দেয়- টেস্ট ম্যাচে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে।”
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে তাওহীদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের ইনিংসে ভর করে ৪০০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কেস অ্যাকারম্যান ১৫৭ এবং জুবাইর হামজা ৮৩ রান করেন।
তৃতীয় দিনের শুরুতে পুরনো বলে রান আটকাতে বেশ বেগ পেতে হচ্ছিল বাংলাদেশের বোলারদের। তবে নতুন বল হাতে পাওয়ার পরই পরিস্থিতি বদলে যায়। জুটি ভাঙার পর একের পর এক উইকেট তুলে নেওয়ার পরিকল্পনাই কাজে দিয়েছে বলে জানান তাসকিন।
তিনি বলেন, “পুরনো বলটা একদম নরম হয়ে যাওয়ার পর ব্যাটে খুব সহজে আসছিল। যখনই নতুন বলটা আমরা হাতে পাই, সবার মাথায় একটাই চিন্তা ছিল যে যেভাবে হোক একটা ব্রেকথ্রু বের করা প্রয়োজন। একটা উইকেট যাওয়ার পর ধাপ ধাপ আরও দুটি গেল। টেস্ট ক্রিকেটটা এমনই, পার্টনারশিপ ভাঙলে যেকোনো মুহূর্তে ধস নামে। আমরা সেটাই চেয়েছিলাম এবং করতে পেরেছি।”
চতুর্থ দিন সকালে দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৬ রানে অপরাজিত রিকেলটন ও ৫ রান নিয়ে ক্রিজে থাকবেন কাগিসো রাবাদা। বৃষ্টির পর উইকেটের আচরণ কেমন হবে, তা নিয়ে আগাম কিছু বলতে চাননি তাসকিন। তার মতে, প্রথম দিনের শুরুর দুই ঘণ্টার পর ব্যাটিংয়ের জন্য ভালো হয়ে ওঠা উইকেটের প্রকৃত অবস্থা বোঝা যাবে চতুর্থ দিনের খেলা শুরু হলে।



