অস্ট্রেলিয়ার ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে মনোযোগ দিতে আইপিএল ২০২৭ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাভিস হেড। সানরাইজার্স হায়দরাবাদের এই অস্ট্রেলিয়ান ওপেনার ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। ক্রিকইনফোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হেডের এই সিদ্ধান্তে আগামী মৌসুমে আর দেখা যাবে না অভিষেক শর্মার সাথে তার আলোচিত ও বিধ্বংসী উদ্বোধনী জুটি ‘ট্রাভিশেক’। তাকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে হায়দরাবাদ কর্তৃপক্ষ।
আগামী ২০২৭ সালে অস্ট্রেলিয়ার সামনে অপেক্ষা করছে ঠাসা আন্তর্জাতিক সূচি। ওই বছর ২০টি টেস্ট ম্যাচ খেলবে অজিরা। আইপিএল শেষ হওয়ার পরপরই জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে তাদের। এরপর জুন থেকে আগস্ট পর্যন্ত মর্যাদার অ্যাশেজ সিরিজ এবং অক্টোবর-নভেম্বরে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ।
গত আগস্টেই অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৭ সালের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেট সামনে রেখে খেলোয়াড়দের কাজের চাপ কমাতে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে।
হেডের অনুপস্থিতি হায়দরাবাদের ব্যাটিং লাইনআপের জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। ২০২৪ সালে দলটিতে যোগ দেওয়ার পর থেকেই ওপেনিংয়ে তাণ্ডব চালিয়েছেন তিনি। অভিষেক শর্মার সাথে তার জুটি টি-টোয়েন্টি ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের নতুন মানদণ্ড তৈরি করেছিল।
পরিসংখ্যানও এই জুটির দাপটের সাক্ষ্য দেয়। ৪২ ইনিংসে ৪৬.১৪ গড়ে ১ হাজার ৮৯২ রান তুলেছেন হেড ও অভিষেক, যার মধ্যে রয়েছে ছয়টি শতরান ও নয়টি অর্ধশতরানের জুটি। হায়দরাবাদের ইতিহাসে জুটির রানে তাদের ওপরে আছেন কেবল শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নার।
তবে অন্তত ১ হাজার রানের জুটি বিবেচনায় আইপিএলের ইতিহাসে রান তোলার গতিতে সবার ওপরে আছে ‘ট্রাভিশেক’; ওভারপ্রতি ১২.২৭ গড়ে রান তুলেছেন তারা।
২০২৪ সালের নিলামে ৬ কোটি ৮০ লাখ রুপিতে হেডকে দলে ভিড়িয়েছিল হায়দরাবাদ। দলটির হয়ে ৪৩ ম্যাচে ৩২.৯৫ গড় ও ১৭৬.১৪ স্ট্রাইক রেটে ১ হাজার ৩৫১ রান করেছেন তিনি। ২০২৪ মৌসুমে ৫৬৭ রান করে দলকে ফাইনালে তুলতেও বড় ভূমিকা ছিল তার।
অবশ্য হেডকে ছেড়ে দিলে নিলামের বাজেটে বড় অঙ্কের অর্থ যোগ হবে হায়দরাবাদের। ২০২৫ সালের মেগা নিলামের আগে ১৪ কোটি রুপিতে তাকে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল কর্তৃপক্ষ এই রিলিজ অনুমোদন করলে আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিতব্য নিলামে বাড়তি এই ১৪ কোটি রুপি নিয়ে নামতে পারবে সানরাইজার্স হায়দরাবাদ।

