...|...|...

খেলা

আইপিএল ক্যারিয়ারের ইতি টেনে নতুন দায়িত্বে ধোনি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২০
Shares
আইপিএল ক্যারিয়ারের ইতি টেনে নতুন দায়িত্বে ধোনি

মহেন্দ্র সিং ধোনি। ছবি: সংগৃহীত

মহেন্দ্র সিং ধোনির আইপিএল খেলোয়াড়ি জীবনের দীর্ঘ এক অধ্যায়ের অবসান হলো। প্রায় দুই দশক ধরে মাঠ মাতিয়ে রাখা এই কিংবদন্তি ক্রিকেটার সরাসরি খেলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তবে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সাথে তার সুদীর্ঘ সম্পর্কের ইতি ঘটছে না; আইপিএল ২০২৭ মৌসুমে দলটির মেন্টর বা পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ক্রিকইনফোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আসন্ন নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা প্রকাশের শেষ সময়ের মাত্র তিন ঘণ্টা আগে এই বড় ঘোষণা দেয় চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় আইপিএলের পরবর্তী মিনি নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ধোনির অবসরের বিষয়ে সিএসকের মালিক এন শ্রীনিবাসন এক বিবৃতিতে বলেন, ‘এমএস ধোনি ছাড়া সিএসকে কল্পনাই করা যায় না। প্রায় দুই দশক ধরে আমরা একসাথে পথ চলেছি, একসাথে বেড়ে উঠেছি। এই যাত্রায় সাফল্য, ব্যর্থতা ও নানা অভিজ্ঞতা আমাদের সমৃদ্ধ করেছে।’

২০০৮ সালে প্রথম আসরে ধোনিকে দলে নেওয়ার সিদ্ধান্তের কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘সে সময় আমিই জোর দিয়েছিলাম, যা আমার নেওয়া অন্যতম সেরা সিদ্ধান্ত। শুধু অর্জনের জন্য নয়, মানুষ হিসেবেও তিনি অনন্য। এই দল সব সময়ই তার ঘর।’

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসর থেকেই চেন্নাইয়ের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন ধোনি। তার বর্ণিল নেতৃত্বে পাঁচবার আইপিএলের শিরোপা ঘরে তুলেছে সিএসকে। এ ছাড়া তার অধীনে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও জিতেছে দলটি।

উল্লেখ্য, ২০১৬ ও ২০১৭ সালে নিষেধাজ্ঞার কারণে চেন্নাই খেলতে না পারায় ওই দুই মৌসুমে রাইজিং পুনে সুপারজায়ান্টসের জার্সিতে খেলেছিলেন তিনি।

১৯ মৌসুমের বর্ণাঢ্য আইপিএল ক্যারিয়ারে ৪৫ বছর বয়সি ধোনি মোট ৫ হাজার ৪৩৯ রান সংগ্রহ করেছেন। টুর্নামেন্টে তার ব্যাটিং গড় ছিল ৩৮.৩০ এবং স্ট্রাইক রেট ১৩৭.৪৫। ব্যাটে-বলে মাঠের লড়াইয়ের পাট চাকালেও মেন্টরের নতুন ভূমিকায় চেন্নাইয়ের হলুদ জার্সির সঙ্গেই থেকে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটের এই সফলতম অধিনায়ক।