উরুগুয়ের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় আর্জেন্টিনা। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে নিজেদের প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচে জয়ে ফিরতে চায় বিশ্বচ্যাম্পিয়নরা। সে লক্ষ্যে কোস্টারিকার বিপক্ষে একাদশে চার থেকে পাঁচটি পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। এ ম্যাচ দিয়ে গোলবারের নিচে ফিরছেন এমিলিয়ানো মার্তিনেজও।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টায় কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলীয় পরিকল্পনা ও সম্ভাব্য পরিবর্তন নিয়ে কথা বলেন স্কালোনি। এর আগে বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা।
আগের ম্যাচে গোলবারের নিচে ছিলেন না এমিলিয়ানো মার্তিনেজ। অক্টোবরে এভারটনের বিপক্ষে ম্যাচে চোয়ালে গুরুতর চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল তাকে। পরে পরীক্ষায় হাড় ভাঙার বিষয়টি ধরা পড়লে অস্ত্রোপচার করাতে হয় আর্জেন্টিনার এই গোলরক্ষককে। তার অনুপস্থিতিতে উরুগুয়ের বিপক্ষে গোলবার সামলান হেরোনিমো রুলি।
তবে কোস্টারিকার বিপক্ষে ম্যাচে ফিরছেন মার্তিনেজ। সংবাদ সম্মেলনে তার খেলার বিষয়টি নিশ্চিত করে স্কালোনি বলেন, ‘এমিলিয়ানো গোলপোস্টের নিচে থাকবে। আগের ম্যাচেও সে খেলার জন্য প্রস্তুত ছিল। তবে কিছুটা ঝুঁকি ছিল। হেরোর ওপর আমাদের আস্থা আছে, তাই তাকে বিশ্রাম দিয়েছিলাম। অনুশীলনের ওপর নির্ভর করে চার-পাঁচটি পরিবর্তন আনব।’
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে একটি ধারণা দিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, রক্ষণভাগের ডান দিকে গনসালো মন্তিয়েলের পরিবর্তে দেখা যেতে পারে আগুস্তিন গিয়াইকে। বাঁ প্রান্তে নিকোলাস তাগলিয়াফিকোর জায়গায় খেলতে পারেন রোমান ভেগা। এছাড়া লিসান্দ্রো মার্তিনেজের সাথে সেন্টারব্যাকে ফাকুন্দো মেদিনাকে খেলানোর সম্ভাবনা রয়েছে। এমন হলে দুই বাঁ পায়ের ডিফেন্ডারকে নিয়ে রক্ষণ সাজাবে আর্জেন্টিনা।
মাঝমাঠেও আসতে পারে পরিবর্তন। একুয়েল পালাসিওসের জায়গায় সুযোগ পেতে পারেন ম্যাক্সিমো পেরোনে। তার সাথে থাকবেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগে থিয়াগো আলমাদার পরিবর্তে গিয়ানলুকা প্রেস্টিয়ান্নিকে খেলানোর সম্ভাবনা রয়েছে। অন্য দুই জায়গায় থাকতে পারেন নিকো পাজ ও হুলিয়ান আলভারেজ।
এদিকে কোস্টারিকাকে মোটেও সহজ প্রতিপক্ষ মনে করছেন না স্কালোনি। দলটির কোচ গুস্তাভো আলফারোর প্রশংসা করে আর্জেন্টাইন কোচ বলেন, ‘তাদের ভালো খেলোয়াড় আছে, এমন একজন কোচ আছেন, যিনি দলকে ভালো খেলান। বল পায়ে থাকলে তারা খেলার ধরন বদলে ফেলে। ইকুয়েডরের বিপক্ষে তারা খুব ভালো খেলেছে। প্রতিপক্ষ হিসেবে তারা কঠিন।’
প্রতিপক্ষের শক্তি বিবেচনায় নিয়েও নিজেদের খেলার ধরনে বড় কোনো পরিবর্তন আনতে চান না স্কালোনি। তিনি বলেন, ‘আমরা একইভাবে খেলব, খেলার ছক বদলাব না। কিছু বেশি আক্রমণাত্মক খেলোয়াড়কে ব্যবহার করতে পারি, তবে মূল পরিকল্পনা একই থাকবে।’
কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), আগুস্তিন গিয়াই, ফাকুন্দো মেদিনা অথবা লিওনার্দো বালেরদি, লিসান্দ্রো মার্তিনেজ, রোমান ভেগা; এনজো ফার্নান্দেজ, ম্যাক্সিমো পেরোনে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও গিয়ানলুকা প্রেস্টিয়ান্নি।



