১১ বছর পর আবারও ফুটবল মাঠে দেখা গেছে ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো গাউচোকে। ইতালির ক্লাব রাভেনা এফসির হয়ে খেলা সেই ম্যাচের জার্সি এবার নিলামে উঠেছে। ইতোমধ্যে জার্সিটির দাম ১৭ হাজার ব্রাজিলিয়ান রিয়াল ছাড়িয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ লাখ ৬৬ হাজার টাকা। সাবেক এই বিশ্বজয়ীর ব্যবহৃত জার্সিটি ঘিরে নিলামে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিলাম চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ম্যাচওর্নশার্ট নামের একটি প্ল্যাটফর্ম ও রাভেনা এফসির যৌথ উদ্যোগে ক্লাবের খেলোয়াড়দের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বিক্রির আয়োজন করা হয়েছে। সেখানে সবচেয়ে বেশি চাহিদা তৈরি হয়েছে রোনালদিনহোর জার্সিটি নিয়ে। ব্রাজিলসহ আটটির বেশি দেশের আগ্রহীরা ইতোমধ্যে এটির জন্য দর হাঁকিয়েছেন।
নিলামে শুধু ম্যাচে পরা জার্সিই নয়, রাখা হয়েছে আরও বেশ কিছু সামগ্রী। এর মধ্যে রয়েছে খেলোয়াড়দের ব্যবহৃত শর্টস, মোজা, বুট, ওয়ার্ম-আপ শার্ট ও হেডব্যান্ড। এ ছাড়া ম্যাচের আগে রোনালদিনহোর পরা একটি জ্যাকেটও রয়েছে সংগ্রহে। পাশাপাশি রাখা হয়েছে অটোগ্রাফযুক্ত একটি মিনি ফুটবল এবং রাভেনা এফসির বিশেষ সংস্করণের টি-শার্ট।
এদিকে রোনালদিনহোকে আবারও রাভেনার জার্সিতে মাঠে দেখার সম্ভাবনাও তৈরি হয়েছে। গত রবিবার ইতালির তৃতীয় বিভাগের ক্লাবটির হয়ে ৪৫ মিনিট খেলেন ৪৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন তিনি।
রাভেনার হয়ে আবারও খেলতে চান কি না, এমন প্রশ্নের জবাবে রোনালদিনহো বলেছিলেন, ‘রাভেনা প্রেসিডেন্ট আমাকে ডাকলে আমি আবার মাঠে নামব।’
তার এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্লাবটির প্রেসিডেন্ট ইগনাজিও সিপ্রিয়ানি। তিনি বলেন, ‘সে বদলি হিসেবে মাঠ থেকে উঠে আসতে চাইছিল না। তার খুব ভালো লাগছিল। আমরা দেখব, সামনে কীভাবে কী হয়।’
রোনালদিনহোকে আবারও মাঠে দেখার আগ্রহ প্রকাশ করেছেন ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট আরিয়েদো ব্রাইদাও। এসি মিলানে রোনালদিনহোর খেলার সময় ইতালিয়ান এই কর্মকর্তা ক্লাবটিতে দায়িত্ব পালন করতেন।
তিনি বলেন, ‘তার মতো একজন চ্যাম্পিয়ন তরুণ ও বৃদ্ধ সবাইকে বিনোদিত করে। সবাই রোনালদিনহোর প্রেমে পড়েছে। সে জানে, কীভাবে ফুটবল খেলতে হয়। আমি আবারও তাকে দেখার আশা করি।’



