...|...|...

খেলা

পর্তুগালের বড় হারে ভীষণ খুশি রোনালদোর মা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৪
Shares
পর্তুগালের বড় হারে ভীষণ খুশি রোনালদোর মা

ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে পর্তুগাল। ডেনমার্কের কাছে ৪-১ গোলের এই হারকে স্বাভাবিকভাবেই ভালোভাবে নেননি রোনালদোর মা ডোলোরেস আভেইরো। তবে ছেলের বিদায়বেলায় এমন পরিণতিতে কষ্ট পেলেও পর্তুগালের এই হার নিয়ে উল্টো সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। তার অভিযোগ, জাতীয় দলে রোনালদো যথাযথ সম্মান পাননি, বরং তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) স্পোর্টিং সিপির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ছেলের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় নিয়ে কথা বলেন ডোলোরেস আভেইরো। সেখানে রোনালদোর বিদায়, পর্তুগালের হার এবং কোচ জর্জ জেসুসের সাথে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

গত শনিবার রোনালদোকে ছাড়াই মাঠে নামে পর্তুগাল। ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হারে তারা। পর্তুগালের ফুটবল ইতিহাসে নিজেদের মাঠে এটি অন্যতম বড় ব্যবধানের হার। ম্যাচের আগে রোনালদোর প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ আয়োজন করে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। খেলোয়াড়রা মাঠে নামেন তার বিখ্যাত সাত নম্বর জার্সি পরে।

তবে সেই আয়োজনে উপস্থিত ছিলেন না রোনালদো। ফেডারেশনের এমন উদ্যোগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তার মা। ডোলোরেস বলেন, ‘হ্যাঁ, সে অনেক দুঃখ পেয়েছিল। তারা তাকে ধোঁকা দিয়েছে। আমিও কষ্ট পেয়েছি। এই হারটা (ডেনমার্কের কাছে) তাদের জন্য একদম ঠিক ছিল। আমি আসলে ভীষণ খুশিই হয়েছিলাম।’

রোনালদোর অনুপস্থিতিতে তাকে শ্রদ্ধা জানানোর বিষয়টিও ভালোভাবে নেননি ডোলোরেস। তার মতে, ছেলের উপস্থিতিতেই এমন সম্মাননা দেওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘তার অনুপস্থিতিতে নয়, তার উপস্থিতিতে শ্রদ্ধা জানানো উচিত ছিল। স্পোর্টিং সিপিতে আমরা এখানে তাকে শ্রদ্ধা জানাব, তারা এখানে তাকে মূল্যায়ন করে। (জাতীয় দলে) সে সম্মান পায়নি, এমনকি তার নিজের সতীর্থদের কাছ থেকেও। জর্জ জেসুসের সাথে আমার সম্পর্ক? আপনাদের (সাংবাদিক) সাথে যেমন, তেমনই।’

ডোলোরেসের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয় পর্তুগাল কোচ জর্জ জেসুসের কাছে। ওয়েলসের বিপক্ষে ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনে তিনি মায়ের আবেগকে গুরুত্ব দেওয়ার কথা বলেন। জেসুস বলেন, ‘এখন কি আমাকে ক্রিশ্চিয়ানো রোনালদোর মায়ের কথার জবাব দিতে হবে? একজন মা তো একজন মা। তার সন্তানদের বড় করার কাজটা সহজ ছিল না। তিনি একজন অনুকরণীয় মা। এতে কিছুই পরিবর্তন হয় না, আমি জানি না এটার শেষ কবে হবে। আপনারাই প্রশ্ন করছেন। আমি কিছু থেকে পিছপা হই না, আপনারা আমাকে এতদিনে চিনেছেন।’

রোনালদোর অবদানও স্মরণ করেন পর্তুগাল কোচ। তার ভাষায়, ‘ক্রিস পর্তুগিজ ফুটবলের একজন লিজেন্ড। পর্তুগাল জাতীয় দল তাকে কখনও ভুলবে না। তার একজন বন্ধু হিসেবে আমি এক বছর (আল নাসরে গত মৌসুমে) তার সাথে কাজ করেছিলাম। সে আমাকে আল নাসরে যোগ দিতে বলেছিল, আমি বলেছিলাম, ‘আমি যাব এবং আমি তোমাকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করব।’ আমি ভুল ছিলাম না।’

জেসুসের অধীনে আল নাসর লিগ শিরোপা জিতেছিল। তবে আপাতত তার মনোযোগ জাতীয় দলের পরবর্তী ম্যাচে। ডেনমার্কের কাছে হারের পর দলকে ঘুরে দাঁড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, ‘হারের (ডেনমার্কের কাছে) পর আমাদের কাজ করতে হবে। কিন্তু যোগ্যতা অর্জনের জন্য আমাদের বাকি ম্যাচটির প্রয়োজন নেই।’

রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা ঘিরে বিতর্কের মধ্যেই তাই পর্তুগাল শিবিরে নতুন করে আলোচনায় এসেছে তার বিদায়, ফেডারেশনের শ্রদ্ধা নিবেদন এবং কোচের সাথে তার পরিবারের সম্পর্ক।