...|...|...

খেলা

মাথায় বলের আঘাতে প্রাণ গেল ১৮ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলারের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সকাল ৯:০৯
Shares
মাথায় বলের আঘাতে প্রাণ গেল ১৮ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলারের

ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে খেলতে নেমে আর বাড়ি ফেরা হলো না আর্জেন্টিনার তরুণ ফুটবলার আবেল নুনিয়েজের। ম্যাচ চলাকালে মাথায় বলের আঘাত পেয়ে গুরুতর আহত হওয়ার পর কয়েক দিনের লড়াই শেষে মারা গেছেন ১৮ বছর বয়সী এই খেলোয়াড়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর)  আর্জেন্টিনার যুব ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। ম্যাচে এফসি এজেইজার ২০০৮ বয়সভিত্তিক দলের হয়ে খেলছিলেন আবেল। খেলার একপর্যায়ে মাথায় সরাসরি বলের আঘাত পান তিনি। পরে রবিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ।

আঘাত পাওয়ার পর মাঠেই আবেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর দ্রুত তাকে একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। দুর্ঘটনার পরপরই ম্যাচটি বন্ধ করে দেন আয়োজকেরা। একই মাঠে পরে ষষ্ঠ বিভাগের আরেকটি ম্যাচ হওয়ার কথা থাকলেও সেটিও বাতিল করা হয়।

মাথায় গুরুতর আঘাত পাওয়ায় আবেলের অস্ত্রোপচার করা হয়েছিল। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন এই তরুণ ফুটবলার।

আবেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব এফসি এজেইজা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া শোকবার্তায় ক্লাবটি লিখেছে, ‘একটি ক্লাব হিসেবে আমাদের জন্য এটাই সবচেয়ে কঠিন সংবাদ। গভীর বেদনা ও অপরিসীম শোক নিয়ে আমরা বিদায় জানাচ্ছি এমন একজন তরুণকে, যার সামনে পুরো জীবন পড়ে ছিল। আজ সে আমাদের মাঝে এমন এক শূন্যতা রেখে গেল, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

তথ্যসূত্র: টিওয়াইসি স্পোর্টস।