...|...|...

খেলা

‘এবার কি রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’ প্রশ্ন পর্তুগাল কোচের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫৯ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৫
Shares
‘এবার কি রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’ প্রশ্ন পর্তুগাল কোচের

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের পরও তাকে ঘিরে বিতর্ক থামছে না। এবার পর্তুগাল জাতীয় দলের কোচ জর্জ জেসুসের বিরুদ্ধে ছেলেকে ধোঁকা দেওয়ার অভিযোগ তুলেছেন রোনালদোর মা দোলোরেস আভেইরো। মায়ের এমন মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন পর্তুগাল কোচ। রোনালদোর মাকে সম্মান জানানোর কথা বললেও তার মন্তব্যে ছিল স্পষ্ট বিরক্তির সুর।

ওয়েলসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের মুখে পড়েন জেসুস। এর আগে গত শনিবার ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের ৪-১ গোলের হার নিয়ে একটি ক্রীড়া অনুষ্ঠানে কথা বলেন রোনালদোর মা। সেখানে ছেলেকে জাতীয় দল থেকে বিদায়ের পেছনে কোচের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

দোলোরেস আভেইরো বলেন, ‘ওরা ওকে ধোঁকা দিয়েছে। তাতে খুব হতাশ হয়েছি। ডেনমার্কের বিপক্ষে হারটা তাদের প্রাপ্য ছিল। সত্যি বলতে, আমি খুশিই হয়েছি।’

মায়ের এমন অভিযোগের জবাবে জেসুস বলেন, ‘এখন কি আমাকে ক্রিশ্চিয়ানো রোনালদোর মাকেও জবাব দিতে হবে? তাকে আমি যথেষ্ট সম্মান করি। সন্তানদের বড় করতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে।’

রোনালদোকে নিয়ে সংবাদমাধ্যমের আলোচনা কবে শেষ হবে, তা নিয়েও সংশয় প্রকাশ করেন পর্তুগাল কোচ। তার ভাষায়, ‘আপনারা প্রশ্ন করলে আমাকে উত্তর দিতেই হবে। আগামী বছরও যদি রোনালদোকে নিয়ে প্রশ্ন করেন, আমি উত্তর দেব।’

গত ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান পর্তুগিজ মহাতারকা। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ খেলা ও গোল করার দিক থেকে দুটিতেই শীর্ষে রয়েছেন তিনি। তবে অবসরের ঘোষণার আগেই জাতীয় দলের কোচের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছিল।

এর আগে জেসুসের সাথে মতবিরোধের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছিলেন রোনালদো। দুই ম্যাচে বিশ্রাম দেওয়ার বিষয়ে সমঝোতা হলেও পরে কোচ সেই প্রতিশ্রুতি রাখেননি বলে অভিযোগ করেছিলেন তিনি। সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করার আশ্বাস দিয়েও কোচ কথা রাখেননি বলেও দাবি করেন সিআর সেভেন।

ওই ঘটনার পর পর্তুগিজ ফুটবল ফেডারেশন রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দেয়। পাশাপাশি ২৫৫ ইউরো জরিমানাও করা হয়, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫ হাজার টাকা। সেই ঘটনার এক মাসেরও কম সময়ের মধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন পর্তুগিজ কিংবদন্তি।