...|...|...

খেলা

একই সময়ে দুই বিশ্বকাপের মহারণ, দর্শক টানার চ্যালেঞ্জ আইসিসি-ফিফার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৩
Shares
একই সময়ে দুই বিশ্বকাপের মহারণ, দর্শক টানার চ্যালেঞ্জ আইসিসি-ফিফার

ছবি: সংগৃহীত

ক্রিকেট নাকি ফুটবল কোন বিশ্বকাপ দেখবেন সমর্থকেরা? ২০৩০ সালে একই সময়ে মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ফিফা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো। দুই টুর্নামেন্টের সূচির সংঘাতে টানা ১৮ দিন ক্রিকেট ও ফুটবলের রোমাঞ্চ একসাথে উপভোগ করতে হবে দর্শকদের। ফলে প্রিয় খেলা বেছে নিতে বেশ কঠিন পরিস্থিতিতে পড়তে পারেন কোটি কোটি সমর্থক।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৮ থেকে ২০৩৫ সাল পর্যন্ত নতুন বৈশ্বিক সূচিতে ২০৩০ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নির্ধারণ করেছে। ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের যৌথ আয়োজনে আগামী ৪ জুলাই শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে ৪ আগস্ট।

অন্যদিকে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ৮ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত। স্পেন, পর্তুগাল, মরক্কো ও দক্ষিণ আমেরিকার তিনটি দেশ যৌথভাবে আয়োজন করবে ফুটবলের এই আসর। ফলে দুই বিশ্বকাপের সূচি অন্তত ১৮ দিন একই সময়ে চলবে।

সাধারণত ক্রিকেট ও ফুটবলের পুরুষ বিশ্বকাপের সূচি নির্ধারণে এমন সংঘাত এড়িয়ে চলা হয়। চার বছর পরপর আয়োজিত ওয়ানডে বিশ্বকাপের সাথে ফিফা বিশ্বকাপের এক বছরের ব্যবধান রাখা হয়। আবার একই বছরে টি-টোয়েন্টি ও ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও ক্রিকেটের আসর শেষ করা হয় ফুটবলের প্রতিযোগিতা শুরুর আগেই।

২০১০, ২০১৪ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় ছিল। তবে ২০৩০ সালে প্রথমবারের মতো বড় ধরনের সূচি-সংঘাতের মুখে পড়তে যাচ্ছে দুই টুর্নামেন্ট।

নতুন সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব চলাকালে। যদিও এখনো দুই সংস্থার পক্ষ থেকে পূর্ণাঙ্গ ম্যাচসূচি প্রকাশ করা হয়নি।

জুলাইয়ের ৪ তারিখ কেন ক্রিকেট বিশ্বকাপ শুরুর জন্য বেছে নেওয়া হয়েছে, সে বিষয়ে আইসিসি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে উত্তর ইউরোপের গ্রীষ্মকালীন আবহাওয়া, এপ্রিলে ও মে মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যস্ততা এবং আগস্টে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী টেস্ট ও ঘরোয়া ক্রিকেট মৌসুমের বিষয়গুলো সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২১ জুলাই ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর অবশ্য সূচির এই সংঘাত আর থাকবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুই সপ্তাহ তখন দর্শকেরা নির্বিঘ্নে উপভোগ করতে পারবেন। ৪ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ক্রিকেটের আসর।

তবে তার আগে টানা ১৮ দিন দুই বিশ্বকাপের রোমাঞ্চ একসাথে চলায় সমর্থকদের সামনে বড় প্রশ্ন ক্রিকেট, নাকি ফুটবল কোন বিশ্বকাপকে বেশি সময় দেবেন তারা?