আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। অনুমতি ছাড়াই বাণিজ্যিক প্রচারে তার ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে ফেডারেশনের বিরুদ্ধে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে একটি বিয়ার ব্র্যান্ডের সাথে মেসির একচেটিয়া চুক্তি থাকার পরও এএফএ নিজেদের এক মদ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রচারে তার ছবি ব্যবহার করেছে বলে অভিযোগ করা হয়েছে।
আর্জেন্টিনার সম্প্রচারমাধ্যম এ২৪-এ সাংবাদিক নিকোলাস উইনিয়াজকি এ তথ্য জানিয়েছেন। তার দাবি, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সাথে সব ধরনের ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। এ বিষয়ে ফেডারেশনকে আইনি নোটিশ পাাঠিয়েছেন তার আইনজীবীরা। গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য বলা হয়েছে।
উইনিয়াজকির ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে একটি বিয়ার ব্র্যান্ডের সাথে মেসির একচেটিয়া বাণিজ্যিক চুক্তি রয়েছে। কিন্তু এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার অনুমোদনে অন্য একটি স্পনসর প্রতিষ্ঠান মেসির ছবি ব্যবহার করেছে। বিষয়টি মেসির অজান্তেই ঘটেছে বলে দাবি করেছেন ওই সাংবাদিক।
এ বিষয়ে উইনিয়াজকি বলেন, ‘মেসি বিষয়টি জানতেন না। এমন কাজ কে করেছেন? এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া একজন স্পনসরকে মেসির ছবি ব্যবহারের অনুমতি দিয়েছেন, অথচ যুক্তরাষ্ট্রে অন্য একটি বিয়ার ব্র্যান্ডের সাথে তার একচেটিয়া চুক্তি ছিল।’
এ ঘটনায় মেসি তার আইনজীবীদের মাধ্যমে এএফএকে আইনি নোটিশ পাঠিয়েছে । সেখানে ফুটবল ফেডারেশনকে তার ছবি ব্যবহার করে বাণিজ্যিক সুবিধা নেওয়া বন্ধ করার কথা জানানো হবে। মেসির অনুমতি ছাড়া এমন প্রচার চালানোকে তার বাণিজ্যিক স্বত্বের লঙ্ঘন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
উইনিয়াজকি আরও জানান, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সাথে সব ধরনের ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছেন মেসি। তার ভাষায়, বিয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপনে ছবি ব্যবহারের ঘটনাটি ছিল মেসির অসন্তোষের চূড়ান্ত কারণ।
জাতীয় দল থেকে বিদায়ের ম্যাচ নিয়েও অসন্তুষ্ট ছিলেন আর্জেন্টাইন এই তারকা। গত ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটিকে তার বিদায়ী ম্যাচ হিসেবে আয়োজন করা হয়েছিল। তবে ম্যাচের শুরুতে স্পনসর প্রতিষ্ঠানের ড্রোন প্রদর্শনী দর্শকদের দুয়োধ্বনির মুখে পড়ে। পুরো আয়োজন নিয়েও মেসি সন্তুষ্ট ছিলেন না বলে জানিয়েছেন উইনিয়াজকি।
এ বিষয়ে ওই সাংবাদিক বলেন, ‘আর্জেন্টিনা ও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা, সম্ভবত বর্তমান বিশ্বের সবচেয়ে পরিচিত ব্যক্তিটি এমন একটি ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন, যার আয়োজন ছিল সম্পূর্ণ বিশৃঙ্খল।’


