...|...|...

লাইফস্টাইল

পেঁয়াজে কালো দাগ, খাওয়া কি নিরাপদ?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৫৬
Shares
পেঁয়াজে কালো দাগ, খাওয়া কি নিরাপদ?

পেঁয়াজে কালো দাগ। ছবি: সংগৃহীত

পেঁয়াজ কাটার সময় গায়ে কালো দাগ বা কালচে আস্তরণ দেখা গেলে অনেকেই সেটিকে ময়লা ভেবে ধুয়ে ফেলেন। কেউ আবার আক্রান্ত অংশ কেটে বাকি পেঁয়াজ রান্নায় ব্যবহার করেন। তবে সব কালো দাগ ময়লা নয়, অনেক ক্ষেত্রে এটি ছত্রাকের সংক্রমণের লক্ষণ হতে পারে। আর সংক্রমণ বেশি ছড়িয়ে পড়লে শুধু দাগযুক্ত অংশ ফেলে দেওয়া যথেষ্ট নাও হতে পারে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের খাদ্য নিরাপত্তা ও পরিদর্শন পরিষেবা (USDA-FSIS)- এর তথ্যের বরাত দিয়ে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। সংস্থাটির মতে, খাবারে জন্মানো মোল্ড বা ছত্রাক বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণিজ খাদ্যে বেড়ে উঠতে পারে।

USDA-FSIS- এর পরামর্শ অনুযায়ী, পেঁয়াজে ছত্রাকের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সেটি পরিষ্কার করে খাওয়ার চেষ্টা না করে পুরো পেঁয়াজ ফেলে দেওয়াই নিরাপদ। সংক্রমণ যদি পেঁয়াজের বড় অংশে ছড়িয়ে পড়ে, শুধু আক্রান্ত অংশ কেটে বাকি অংশ ব্যবহার করাও উচিত নয়।

পেঁয়াজের গায়ে ছত্রাকের উপস্থিতি সাধারণত কালো বা কালচে আবরণ হিসেবে দেখা যায়। তবে বাইরে থেকে যতটুকু দাগ চোখে পড়ে, সংক্রমণ যে শুধু ওই অংশেই সীমাবদ্ধ থাকবে- এমন নিশ্চয়তা নেই। ছত্রাকের সূক্ষ্ম তন্তুর মতো গঠন খাবারের ভেতরেও প্রবেশ করতে পারে, যা সবসময় খালি চোখে দেখা যায় না।

এ ছাড়া ছত্রাক থেকে তৈরি স্পোর বাতাস, পানি কিংবা পোকামাকড়ের মাধ্যমে আশপাশে ছড়িয়ে পড়তে পারে। এসব স্পোর কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জি বা শ্বাসতন্ত্রের সমস্যা তৈরি করতে পারে। তাই ছত্রাক আক্রান্ত পেঁয়াজ নাকের কাছে নিয়ে গন্ধ শোঁকাও এড়িয়ে চলা উচিত।

পেঁয়াজ দীর্ঘদিন ভালো রাখতে সংরক্ষণের জায়গার দিকেও নজর দিতে হবে। অতিরিক্ত আর্দ্রতা ও উষ্ণ পরিবেশ ছত্রাকের বৃদ্ধির ঝুঁকি বাড়ায়। তাই পেঁয়াজ শুকনো, পরিষ্কার এবং পর্যাপ্ত বাতাস চলাচল করে এমন জায়গায় রাখা ভালো।

একটি পেঁয়াজে ছত্রাক দেখা দিলে পাশে থাকা অন্য পেঁয়াজ ও খাদ্যসামগ্রীও পরীক্ষা করে দেখা দরকার। কারণ সংস্পর্শের মাধ্যমে ছত্রাক অন্য খাবারেও ছড়িয়ে পড়তে পারে।

তাই পেঁয়াজে কালো দাগ দেখলে সেটিকে সাধারণ ময়লা ধরে নিয়ে সরাসরি ব্যবহার করা ঠিক নয়। দাগটি ছত্রাকের কারণে হয়ে থাকলে এবং সংক্রমণ ছড়িয়ে পড়ার লক্ষণ দেখা দিলে ঝুঁকি না নিয়ে পুরো পেঁয়াজ ফেলে দেওয়াই নিরাপদ।