...|...|...

সারাদেশ

পূজামণ্ডপে ইউনিফর্ম পরে গান গাওয়া সেই এএসআই প্রত্যাহার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪৫
Shares
পূজামণ্ডপে ইউনিফর্ম পরে গান গাওয়া সেই এএসআই প্রত্যাহার

পূজামণ্ডপে ইউনিফর্ম পরে গান গাওয়া সেই এএসআই প্রত্যাহার। ছবি: সংগৃহীত

সিলেট নগরের একটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক (ইউনিফর্ম) পরে মঞ্চে গান পরিবেশন করায় জালালাবাদ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উদয়ন ফারুককে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একইসাথে ঘটনাটি তদন্ত করে আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মহানগর পুলিশ কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে জালালাবাদ থানা থেকে প্রত্যাহার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ‘ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে’ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন এএসআই উদয়ন ফারুক। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মণ্ডপ প্রাঙ্গণে পূজা উদযাপন পরিষদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। একপর্যায়ে তিনি নিরাপত্তার দায়িত্ব ফেলে পুলিশের অফিশিয়াল ইউনিফর্ম পরা অবস্থাতেই মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে গান পরিবেশন শুরু করেন।

উপস্থিত দর্শনার্থীদের কয়েকজন সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পুলিশের পেশাগত দায়িত্ব চলাকালীন ইউনিফর্ম পরে এমন আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নজরে আসে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। পেশাগত শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে এএসআই উদয়ন ফারুককে জালালাবাদ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, পুরো ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।