চাঁদপুরের হাজীগঞ্জে একটি পুকুর থেকে মো. দুলাল আলম নামে ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই ওয়ার্ডের সভাপতি ছিলেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার পুকুরের পানিতে দুলাল আলমের লাশ ভাসতে দেখে পরিবারের সদস্য ও স্থানীয়রা তা উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে লাশ থানায় নিয়ে যায়।
দুলাল আলমের ছেলে তামিম জানান, গ্রেফতারের ভয়ে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতেন না তার বাবা। মঙ্গলবার সন্ধ্যায় তার মায়ের সাথে শেষবারের মতো কথা বলে ঘুমাতে যান তিনি। বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।
দুলালের পরিবারের দাবি, তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। তদন্তের মাধ্যমে ও ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

