...|...|...

বিশ্ব

পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসে ১৮ লাখ টাকা আয়

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:৩৩
Shares
পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসে ১৮ লাখ টাকা আয়

চীনা উদ্যোক্তা ঝাং শাওছিয়াও। ছবি: সংগৃহীত

চীনা উদ্যোক্তা ঝাং শাওছিয়াও (৩২) পিঠ চুলকানোর এক অনন্য সেবা চালু করে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। শেনজেন শহরের এই উদ্যোক্তা তার বিশেষায়িত স্পা প্রতিষ্ঠানের মাধ্যমে মাসে প্রায় ১ লাখ ইউয়ান (১৮ লাখ ২৫ হাজার টাকা) আয় করছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঝাংয়ের প্রতিষ্ঠিত ‘সুমা’ নামের স্পা-ধর্মী প্রতিষ্ঠানে গ্রাহকরা নির্ধারিত শয্যায় শুয়ে বিশেষ সুচালো নখযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের মাধ্যমে পিঠ চুলকানোর সেবা নেন। প্রতি এক ঘণ্টার জন্য গ্রাহকদের গুনতে হয় ৩০০ ইউয়ান (৫ হাজার ৫০০ টাকা)।

শেনজেনের বাওআন ও ফুসিয়ান এলাকায় দুটি শাখা চালু করে অল্প সময়ের মধ্যেই লাভজনক এই ব্যবসার সূচনা করেন ঝাং। দীর্ঘ কর্মঘণ্টা ও মানসিক চাপে থাকা তথ্যপ্রযুক্তি খাতের কর্মীরাই মূল গ্রাহক হলেও গ্রাহকদের প্রায় ৭০ শতাংশ পুরুষ এবং বাকিরা নারী।

একটি অনলাইন ভিডিও দেখে এবং শৈশবে বাবার পিঠ চুলকে দেওয়ার স্মৃতির অনুপ্রেরণায় ঝাং এই ধারণাকে ব্যবসায় রূপ দেন। তিনি কর্মীদের প্রশিক্ষণ দিয়ে সুনির্দিষ্ট কৌশল শেখান যা গ্রাহকদের স্নায়ু শিথিল করে এবং ভালো ঘুমে সাহায্য করে।

বর্তমানে সূচনার খরচ তুলে নিয়ে দেশজুড়ে ১০০টি শাখা খোলার স্বপ্ন দেখছেন ঝাং এবং এই কাজটিকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী চুলকানোর ফলে স্নায়ু উদ্দীপিত হয়ে মস্তিষ্ককে আরামের অনুভূতি দেয়, যদিও দীর্ঘস্থায়ী চুলকানির জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট