...|...|...

বিশ্ব

থাইল্যান্ডে মদ্যপ অবস্থায় মারামারি, দুই মার্কিন সেনাকে রণতরীতে ফেরত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:১৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০৮
Shares
থাইল্যান্ডে মদ্যপ অবস্থায় মারামারি, দুই মার্কিন সেনাকে রণতরীতে ফেরত

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ায় মদ্যপ অবস্থায় মারামারিতে জড়ানোর অভিযোগে মার্কিন নৌবাহিনীর দুই সদস্যকে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ফেরত পাঠানো হয়েছে। স্থানীয় পুলিশের সহায়তায় তাদের শহর থেকে সরিয়ে যৌথ অপারেশন সেন্টারের মাধ্যমে জাহাজে পাঠানো হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

প্রায় ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছে। পাঁচ দিনের সফরে থাকা নৌসদস্যদের মধ্যে ওই দুইজনকে বাকি সময় জাহাজেই থাকতে হবে বলে জানা গেছে।

স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় দেড়টার দিকে পাতায়ার একটি বারের কাছে দুই মার্কিন নৌসদস্যের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি দেখে এক থাই নাগরিক জরুরি নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই নৌসদস্যকে নিজেদের হেফাজতে নেয়। এরপর তাদের পাতায়ার হার্ড রক ক্যাফেতে থাকা যুক্তরাষ্ট্র-থাইল্যান্ড যৌথ অপারেশন সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে তাদের বিমানবাহী রণতরীতে ফেরত পাঠানো হয়।

এক থাই কর্মকর্তা ঘটনাটিকে বড় ধরনের কোনো সহিংসতা হিসেবে দেখছেন না। তার ভাষ্য অনুযায়ী, দুই নৌসদস্যই মদ্যপ ছিলেন এবং ঘটনার প্রত্যক্ষদর্শী আশঙ্কা করেছিলেন যে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে।

নিমিটজ শ্রেণির বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন বুধবার থাইল্যান্ডে পৌঁছায়। দীর্ঘ প্রায় নয় মাসের মোতায়েন শেষে জাহাজটির সদস্যরা কিছুদিনের বিশ্রাম ও অবকাশের সুযোগ পেয়েছেন।

জাহাজটিতে প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সদস্য রয়েছেন। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে জাহাজটির কর্মপরিবেশ, সরবরাহ পরিস্থিতি এবং সদস্যদের মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

তবে মার্কিন প্রতিরক্ষা দফতরের পক্ষ থেকে এসব প্রতিবেদনের কিছু তথ্য অতিরঞ্জিত বা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

পাতায়া সফরের সময় মার্কিন নৌসদস্যদের জন্য বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডের সুযোগ রাখা হলেও স্থানীয় আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়েছে। থাইল্যান্ডের আইন ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারাও নাবিক ও মেরিনদের যুক্তরাষ্ট্রের আইন, নৌবাহিনীর বিধিমালা এবং থাইল্যান্ডের প্রচলিত আইন মেনে চলার নির্দেশ দিয়েছেন। জাহাজ থেকে নামার সময় সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানানো হয়।

এদিকে, পাতায়া কর্তৃপক্ষ আশা করছে, কয়েক হাজার মার্কিন নৌসদস্যের এই সফর শহরের পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে