...|...|...

বিনোদন

পাঁচ দশকের অভিনয়জীবনের ইতি, মারা গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৮:৩৯
Shares
পাঁচ দশকের অভিনয়জীবনের ইতি, মারা গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবু

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের তেলেগু চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু আর নেই। শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দীর্ঘ পাঁচ দশকের অভিনয়জীবনে ৬০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন গিরি বাবু। তার মৃত্যুতে তেলেগু চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন অভিনেতা চিরঞ্জীবী, পরিচালক অনিল রবিপুড়ি এবং অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

গিরি বাবুর মৃত্যুতে শোক জানিয়ে অভিনেতা চিরঞ্জীবী বলেন, অভিনেতা, প্রযোজক ও পরিচালক হিসেবে তেলেগু চলচ্চিত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। অভিনয়ের নিজস্ব ধরন ও স্বতন্ত্র শৈলীর কারণে দর্শকদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবেন তিনি। তার মৃত্যু চলচ্চিত্রশিল্পের জন্য অপূরণীয় ক্ষতি। এ সময় প্রয়াত অভিনেতার পরিবারের সদস্য ও ভক্তদের প্রতিও সমবেদনা জানান চিরঞ্জীবী।

পরিচালক অনিল রবিপুড়িও গিরি বাবুর বহুমুখী প্রতিভার প্রশংসা করেছেন। তিনি বলেন, অভিনয়, প্রযোজনা ও পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রশিল্পকে সমৃদ্ধ করেছেন এই অভিনেতা। তার অভিনীত স্মরণীয় চরিত্রগুলো সিনেমাপ্রেমীদের হৃদয়ে দীর্ঘদিন জায়গা করে রাখবে।

১৯৪৩ সালের ৮ জুন অন্ধ্র প্রদেশের প্রকাশম জেলার রাভিনুথালা গ্রামে জন্মগ্রহণ করেন গিরি বাবু। ১৯৭৩ সালে ‘জগমে মায়া’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ক্যারিয়ারের প্রথম দিকে খলনায়কের চরিত্রে অভিনয় করলেও পরবর্তী সময়ে নায়ক ও বিভিন্ন পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করেন।

অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও সাফল্য পেয়েছেন গিরি বাবু। তার প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে ‘সিমহা গর্জনা’, ‘মেরুপুদাদি’ ও ‘ইন্দ্রজিৎ’। অন্যদিকে ‘রানারাঙ্গাম’, ‘ইন্দ্রজিৎ’ এবং ‘নি সুখামে নে কোরুকুন্না’র মতো সিনেমা পরিচালনা করেছেন তিনি।

২০২৩ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘আন্নি মানচি সাকুনামুলে’তে সর্বশেষ পর্দায় দেখা যায় তাকে। পাঁচ দশকের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করা এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করছেন সহকর্মী ও ভক্তরা।