শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মাঝিরঘাট নৌ পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পালারচর এলাকার পদ্মার চরে জঙ্গলের ভেতর ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে ফাঁড়ির এসআই এনামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। তবে তীব্র স্রোত থাকায় সেদিন লাশটির সন্ধান মেলেনি।
পরদিন বুধবার সকালে নৌ পুলিশের সদস্যরা পুনরায় জাজিরার পালারচর সংলগ্ন পদ্মার চরে উদ্ধার অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে চরের জঙ্গলে আটকে থাকা অবস্থায় লাশটি ভাসতে দেখে তা উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।
লাশটি পচে গলে বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তে তদন্ত শুরু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাস জানান, খবর পাওয়ার পর মঙ্গলবার থেকেই নদীতে তল্লাশি চালানো হচ্ছিল। বুধবার চরের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় মেলার পর এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


