শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেটে নেতৃত্বের অধ্যায় শেষ করলেন ধনঞ্জয়া ডি সিলভা। তাৎক্ষণিকভাবে টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার। তার মতে, এখন দলের নেতৃত্ব নতুন প্রজন্মের ক্রিকেটারদের হাতে তুলে দেওয়ার সময় এসেছে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) নির্বাচক কমিটির কাছে পাঠানো চিঠিতে ধনঞ্জয়া লিখেছেন, ‘এটি আমার একান্ত ব্যক্তিগত মতামত যে দলের নেতৃত্বভার এখন পরের প্রজন্মের হাতে তুলে দেওয়া উচিত।’ তবে অধিনায়কত্ব ছাড়লেও ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কা দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
দিমুথ করুণারত্নে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০২৪ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার টেস্ট দলের নেতৃত্ব পান ধনঞ্জয়া। এরপর ১৮টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধিনায়কত্বে শ্রীলঙ্কা জিতেছে ৭টি ম্যাচ, হেরেছে ৮টিতে এবং ৩টি ম্যাচ ড্র হয়েছে।
ধনঞ্জয়ার নেতৃত্বে আফগানিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। অধিনায়ক হিসেবে ব্যাট হাতেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। ১৮ টেস্টে ৩৬.৪৫ গড়ে করেছেন ১১৩০ রান। বল হাতে ৪৪.৪৪ গড়ে নিয়েছেন ৯ উইকেট।
টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর নিজের দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ধনঞ্জয়া। সিলেটে অনুষ্ঠিত সেই টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি। তার জোড়া শতকের পাশাপাশি দলের দারুণ পারফরম্যান্সে বাংলাদেশকে ৩২৮ রানের বড় ব্যবধানে হারায় শ্রীলঙ্কা।
অধিনায়ক হিসেবে ধনঞ্জয়ার ব্যাট থেকে এসেছে আরও দুটি সেঞ্চুরি। নেতৃত্বের দায়িত্ব পালনকালে দলের হয়ে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অবদান রেখেছেন তিনি।
ধনঞ্জয়ার সিদ্ধান্তের পর শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী (সিইও) অ্যাশলে ডি সিলভা তার টেস্ট ক্রিকেটে অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট তার ক্যারিয়ারের বাকি সময়ের জন্য শুভকামনা জানায় এবং টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছে।’


