...|...|...

খেলা

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ের পর এবার মেসিকে নিয়ে মায়ামির বড় পরিকল্পনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, দুপুর ১:২৯
Shares
আর্জেন্টিনার জার্সিতে বিদায়ের পর এবার মেসিকে নিয়ে মায়ামির বড় পরিকল্পনা

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে বিদায় বললেও লিওনেল মেসির ফুটবল অধ্যায় এখনই শেষ হচ্ছে না। যুক্তরাষ্ট্রে ক্যারিয়ারের শেষ সময়টা কাটাচ্ছেন এই মহাতারকা। তবে খেলোয়াড় হিসেবে তার সময় শেষ হওয়ার পরও সম্পর্ক ধরে রাখতে চায় ইন্টার মায়ামি। এমনকি অবসরের পর ক্লাবের মালিকানা কাঠামোর সাথেও মেসিকে যুক্ত করার পরিকল্পনা করছে তারা।

ইন্টার মায়ামির সাথে মেসির বর্তমান চুক্তি রয়েছে ২০২৮ সালের মেজর লিগ সকার (এমএলএস) মৌসুম পর্যন্ত। আপাতত মাঠের খেলোয়াড় হিসেবে ক্লাবটির সাথে তার চুক্তি ওই সময় পর্যন্তই। তবে ২০২৮ সালের পরের সময় নিয়েও এখন থেকেই ভাবছে মায়ামি। ক্লাবটির ব্যবসায়িক কার্যক্রমের সভাপতি জাভিয়ের আসেনসি জানিয়েছেন, মেসি অবসর নেওয়ার পরও তাকে ক্লাবের সাথে যুক্ত রাখার ইচ্ছা রয়েছে।

২০২৩ সালে এমএলএসে যোগ দেওয়ার পর থেকেই ইন্টার মায়ামির চেহারা বদলে যেতে শুরু করে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও মেসির প্রভাব পড়েছে ব্যাপকভাবে। চুক্তির বিভিন্ন বিষয় বিবেচনায় মেসিকে ধরে রাখতে ক্লাবটির বছরে প্রায় ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হয়।

তবে বিপরীতে মেসির আগমনের পর ক্লাবটির মূল্য ও আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৬ সালে ইন্টার মায়ামির মূল্যায়ন দাঁড়িয়েছে ১.৩৫ বিলিয়ন ডলারে। একই বছরে ক্লাবটির আয় হয়েছে প্রায় ২০০ মিলিয়ন ডলার। ফলে ২০২৮ সালের পর মেসিকে হারানোর বিষয়টিকে কেবল একজন ফুটবলারকে হারানো হিসেবে দেখছে না মায়ামি।

মেসির ভবিষ্যৎ ভূমিকা নিয়ে জাভিয়ের আসেনসি বলেন, ‘মেসি যখন পেশাদার ফুটবল থেকে অবসর নেবেন, তখন ইন্টার মায়ামিতে তার সময় ও ভূমিকার জন্য একটি জায়গা রাখতে চায় ক্লাব। খেলোয়াড় থাকা অবস্থায় এমএলএসের নিয়মের কারণে মালিকানা নেওয়ার সুযোগ না থাকলেও অবসরের পর সেই পথ খুলে যেতে পারে।’

ক্লাবটির এই পরিকল্পনার পেছনে রয়েছে মেসির বিশাল বাণিজ্যিক প্রভাব। নতুন স্টেডিয়াম নির্মাণ, ব্যবসা সম্প্রসারণ এবং যুক্তরাষ্ট্রের ফুটবলে এমএলএসের ক্রমবর্ধমান অবস্থানের সাথে মেসির উপস্থিতিকেও দীর্ঘমেয়াদে কাজে লাগাতে চায় ইন্টার মায়ামি। অর্থাৎ শুধু মাঠে মেসিকে দেখা নয়, ভবিষ্যতে তার নাম ও প্রভাবকে ক্লাবের সামগ্রিক পথচলার অংশ করে রাখতে চায় তারা।

তবে অবসর নেওয়ার আগেই মেসিকে আরও কিছু সময় মাঠে পাওয়ার প্রত্যাশা রয়েছে মায়ামির। ২০২৮ সালে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও আরও দুই মৌসুম তাকে খেলোয়াড় হিসেবে ধরে রাখার পরিকল্পনা রয়েছে ক্লাবটির। ফলে মেসির খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ হওয়ার পরও ইন্টার মায়ামির সাথে তার সম্পর্ক অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।