...|...|...

বিশ্ব

নেপালে সাতদিন পর ধ্বংসস্তূপ থেকে ৪৫ দিনের শিশু জীবিত উদ্ধার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৫৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:২৫
Shares
নেপালে সাতদিন পর ধ্বংসস্তূপ থেকে ৪৫ দিনের শিশু জীবিত উদ্ধার

ছবি: সংগৃহীত

হিমবাহ ধস ও প্রলয়ংকরী বনাকবলিত নেপালের রাসুয়া জেলা থেকে মাত্র ৪৫ দিনের একটি নবজাতককে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের মাঝেও শিশুটির অক্ষত অবস্থায় ফিরে আসা উদ্ধারকারীদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর শিশুটিকে বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার করে নিরাপদে রাসুয়া ধাঙ্গে ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হয়। বন্যায় আটকে পড়া শত শত মানুষের ভিড়ে এই ছোট্ট শিশুটির বেঁচে থাকার ঘটনাটি চারদিকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, একজন উদ্ধারকারী পরম যত্নে শিশুটিকে কোলে করে বিপজ্জনক ও ধ্বংসস্তূপে ভরা এলাকা থেকে নিরাপদে বের করে আনছেন। এই হৃদয়বিদারক অথচ স্বস্তিদায়ক দৃশ্যটি সাধারণ মানুষের মনে গভীর আবেগ ও নাড়া দিয়েছে। তবে শিশুটির বর্তমান শারীরিক অবস্থা বা উদ্ধারের সুনির্দিষ্ট পরিস্থিতি নিয়ে অন্যান্য যেসব দাবি সামাজিক মাধ্যমে ঘুরছে, সেগুলোর সত্যতা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট হিমবাহ ধসের কারণে নেপালে হঠাৎ বয়ে যাওয়া আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশটিতে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে। নদীর পানি ও কাদার নিচে তলিয়ে গেছে বহু এলাকা। এই দুর্যোগে স্বজনদের খোঁজে এখনো অনেক পরিবার হাকপাক করছে। ঘরবাড়ি হারিয়ে লাখো মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয় ও চিকিৎসার চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।

এমন এক চরম বিপর্যস্ত ও বেদনার মুহূর্তে ৪৫ দিনের এই শিশুকে জীবিত উদ্ধারের ঘটনাটি সমগ্র নেপালবাসীর জন্য যেন এক টুকরো স্বস্তি ও আশার আলো হয়ে এসেছে।