নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নিখোঁজ হওয়া ৫৫ মালয়েশীয় নাগরিকের একজনকে ৩৭ দিন পর জীবিত ও নিরাপদ অবস্থায় পাওয়া গেছে। পরে তিনি মালয়েশিয়ায় ফিরে পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ (মাসফিহ) এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের বরাতে সংগঠনটির মুখপাত্র মনিভান্নান রেথিনাম জানান, চীনা বংশোদ্ভূত ওই মালয়েশীয় নাগরিক একাই নেপাল ভ্রমণে গিয়েছিলেন। দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর তিনি নিজেই কাঠমান্ডুতে মালয়েশীয় দূতাবাসে উপস্থিত হন। পরে দেশে ফিরে যান। তার পরিচয় প্রকাশ করা হয়নি।
রেথিনাম বলেন, ৩৭ দিন পর নিখোঁজ একজন নাগরিককে নিরাপদে ফিরে পাওয়ার ঘটনা অন্য পরিবারগুলোর জন্যও নতুন আশার সঞ্চার করেছে। এ ঘটনার পর নিখোঁজ মালয়েশীয় নাগরিকের সংখ্যা ৫৫ থেকে কমে ৫৪-তে দাঁড়িয়েছে।
মাসফিহ তথ্যমতে, ওই ব্যক্তি ২৫ আগস্ট বিকেল ৩টা ২৬ মিনিটে নাগথালি ভিউপয়েন্ট এলাকায় ছিলেন। পরদিন ভয়াবহ বন্যা শুরু হলে সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎ, পানি ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। ফলে তিনি দীর্ঘ সময় ওই এলাকায় আটকা পড়েন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
আগস্টের শেষ দিকে নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ঘটে। সরকারি হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু পর্যন্ত ১ হাজার ৩৬৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল এবং প্রায় ৫ হাজার ১০০ মানুষ নিখোঁজ ছিলেন। নিখোঁজদের মধ্যে প্রায় ৬০০ জন ছিলেন ৩৫টি দেশের বিদেশি নাগরিক।
দুর্গত অঞ্চলে সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম বড় ধরনের বাধার মুখে পড়ে। নেপাল সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।
মাসফিহ জানিয়েছে, একজন মালয়েশীয় নাগরিকের নিরাপদে ফিরে আসা বাকি ৫৪ জন নিখোঁজ ব্যক্তির পরিবারকে নতুন করে আশাবাদী করেছে। সংগঠনটি নিখোঁজদের সন্ধান ও উদ্ধার কার্যক্রম আরও জোরদারে মালয়েশিয়া ও নেপাল সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপও চেয়ে আসছে।


